১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

সোমবার প্রকাশিত হাই কোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ এসেছে।

আমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 05:09 PM

Updated : 20 Dec 2023, 05:45 PM

দুর্নীতি মামলায় সাজা বহাল রেখে বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানকে ১৫ দিনের মধ্যে আত্মসমপর্ণ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

আমানের ১৩ বছর এবং সাবেরার ৩ বছরের সাজার রায় বহাল রাখার যে সিদ্ধান্ত গত ৩০ মে হাই কোর্ট দিয়েছিল, তার পূর্ণাঙ্গ রায়ে আত্মসমপর্ণের এ নির্দেশ এসেছে। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ আমানের মামলার এ রায় দেয়। ২৮১ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশিত হয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জানিয়েছেন। 

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৬ মার্চ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। 

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমান দম্পতি ৯ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেন। এর মধ্যে আমান জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৯ টাকা এবং সাবেরা আমান ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পত্তি অর্জন করেন। 

ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেয়, সাবেরাকে দেওয়া হয় ৩ বছরের কারাদণ্ড। 

ওই রায়ের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ অগাস্ট হাই কোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেয়। 

দুদক হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে দেয়। পাশাপাশি হাই কোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেয়। 

গত ১৪ মে আপিলের পুনঃশুনানি শেষ হয়। এরপর ৩০ মে আমান দম্পতির সাজা বহাল রেখে রায় দেয় হাই কোর্ট।

আরও পড়ুন:

পুরানো খবর:

আমানের ১৩ বছর, টুকুর ৯ বছরের সাজা বহাল