২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে ‘গঠনমূলক আলোচনায়’ থাকার প্রতিশ্রুতি পাটওয়ারীর

“আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:52 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

এখন থেকে ‘অপ্রয়োজনীয় কথাবার্তা’ আর ‘ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে’ গঠনমূলক আলোচনায় মনোযোগ দিতে চান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।”

গত দেড় বছরে নানা মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম হওয়া পাটওয়ারীর এই নতুন উপলব্ধি কীভাবে হল, তার একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই ফেইসবুক পোস্টে।

তিনি লিখেছেন, “গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। 

“আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।”

নির্বাচনের সময় ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়ানো এই এনসিপির নেতা লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” 

ওই নির্বাচনে মির্জা আব্বাস বিজয়ী হন। তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে পাটওয়ারীকে সমালোচনার মুখে পড়তে হয়। 

এর মধ্যে মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদনও হয়। আদালত তার বিরুদ্ধে সমন জারির আদেশ দেয়। 

তবে গত কয়েকদিনে তার সুর কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মিলছিল। মির্জা আব্বাসের অসুস্থতার সময় এক ইফতার মাহফিলে তার সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন পাটওয়ারী।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।