ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: তারেক
“কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না,” বলেন তিনি।
দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের নীতিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। প্রত্যেক নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।
“আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন তারেক রহমান।
তিনি বলেন, “আগামী মাসেই (অক্টোবরে) আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেকে উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে।”
তিনি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন আর অবিশ্বাসী বলুন, কিংবা সংস্কারবাদী, প্রত্যেক নাগরিক যার যার ধর্মীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অধিকারগুলো বিনা বাধায় উপভোগ করবে, এমন একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ নির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন।
“কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী, প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি।”
আওয়ামী লীগ সরকারের আমলে দেশে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলার কোনো বিচার হয়নি মন্তব্য করে তিনি বলেন, “গত ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে বড় উদাহরণ।…আপনারা দেখেছেন, সারা দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এসকে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচারের আমলে আদালত আর আয়নাঘর একাকার হয়ে গিয়েছিল। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
“আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী শক্তিশালী অস্ত্র। যতদিন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অর্থাৎ দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত নয়।”
ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান দাঁড়িয়ে। এখন আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি আমরা, সেটা আমাদের রক্ষা করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে, আবার সকলে ঐক্যবদ্ধভাবে এদেরকে পরাজিত করতে হবে।”
বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু এবং হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপন দে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, ফেনীর কামাক্ষা চন্দ, খাগড়াছড়ির অজয় সেনগুপ্ত, সাভারের উত্তম ঘোষ, খুলনার সুজনা জলি, বরিশালের সঞ্জয় গুপ্ত, অবসরপ্রাপ্ত টিভি প্রযোজক মনোজ সেন গুপ্ত, গৌড় সিনহা অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইসকনের চারু চন্দ্র্র দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, গুলশান পূজা কমিটির জেএল ভৌমিক, পান্না লাল দত্ত, হিন্দু মহাজোটের সুশান্ত কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নির্মল রোজারিও বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা জয়ন্তু কুমার কুণ্ডু, আবদুল বারী ড্যানি, অর্পণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, সুশীল বড়ুয়া, জন গোমেজ, মিল্টন বৈদ্যসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
