Published : 13 May 2025, 12:03 PM
গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র গঠনের পথ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন এর সহ-সভাপতি আলী রীয়াজ।
তিনি বলেছেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথরেখা তৈরিতে সবার লক্ষ্য এক, অভিন্ন। দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও অনেক বিষয়ে একমত হওয়ার আশা রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি হবে, তার একটা ধারণা পেতে পারি, একটা পথ চিহ্নিত করতে পারি। সে লক্ষ্যকে সামনে রেখে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি।”
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, আলোচনার টেবিলে দুই পাশে বসলেও সবার লক্ষ্য এক।

“যে লক্ষ্যে সিপিবি দীর্ঘদিন যাবত দল হিসেবে সংগ্রাম করেছে, তারই ধারাবাহিকতা এ আলোচনা। ফলে আজকের আলোচনার মধ্য দিয়ে এ আলোচনা শেষ হবে- তা ভাবার কারণ নেই। এখন কাঠামোগত পরিবর্তনগুলো আলোচনায় সুনির্দিষ্ট করা এবং তা বাস্তবায়নের পথ তৈরি করা আমাদের কাজ। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র।”
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও ফজলুর রহমান রয়েছেন প্রতিনিধি দলে।
ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত রয়েছেন।