‘আনন্দঘন’ পরিবেশে জুলাই সনদ স্বাক্ষরের আশা আলী রীয়াজের
“আজ কিছু বিভ্রান্তি বিভিন্ন দিক থেকে প্রচারিত হয়েছে। আমাকে অনেক রাজনৈতিক নেতারা এবং সাংবাদিকরা ফোন দিয়েছেন।”
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সংকটের যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে তাকে ‘বিভ্রান্তি’ আখ্যা দিয়ে ‘আনন্দঘন পরিবেশে’ এ দলিল স্বাক্ষরের আশার কথা শুনিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
তার ভাষ্য, “আজ কিছু বিভ্রান্তি বিভিন্ন দিক থেকে প্রচারিত হয়েছে। আমাকে অনেক রাজনৈতিক নেতারা এবং সাংবাদিকরা ফোন দিয়েছেন। আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে।
“পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা এ স্বাক্ষর অনুষ্ঠানটা সম্পূর্ণ করব।”
বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ‘জরুরি’ বৈঠকের স্বাগত বক্তব্যে এ কথা বলেন রীয়াজ। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে এ বৈঠকে অংশ নেন রাজনৈতিক দল ও জোটের নেতারা। সন্ধ্যায় সাড়ে ৬টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
আলী রীয়াজ বলেন, “একদিন পর শুক্রবার জাতীয় সংসদের প্লাজায় দাঁড়িয়ে আমরা আশা করছি… জাতীয় সনদ যে প্রক্রিয়ার মধ্যে আপনারা অংশগ্রহণ করেছেন এবং বাধাবিপত্তি অতিক্রম করে আপনারা যে জায়গায় উপনীত হয়েছেন, তারই অংশ হিসেবে জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে পারব। এটাই আমরা আশা করছি।
“তারই প্রস্তুতির দিকগুলো সম্পূর্ণরূপে শেষ করার আমরা চেষ্টা করছি। এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য আরও একটু সময় নেওয়ার থেকে দ্রুততার দিকে যাওয়ার আমরা চেষ্টা করেছি। এবং আমাদের দিক থেকে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের প্রত্যেককে জানান হয়েছিল এবং প্রত্যেকটি দল থেকে জাতীয় সনদে স্বাক্ষরকারীদের নাম বেশ কিছুদিন আগেই দিয়েছেন।”
সেজন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এ অনুষ্ঠানে আমরা চাই জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত সে সমস্ত অতিথিরা উপস্থিত থাকুন।”
সে বিবেচনা থেকে দলগুলোর কাছে অতিথিদের তালিকা চাওয়ার কথাও তুলে ধরেন কমিশনের সহ সভাপতি।
তিনি বলেন, এ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বৃহস্পতিবার থেকে পাঠানো হবে। স্বাক্ষর অনুষ্ঠানে স্বল্প সময়ে যেন সকল দলের প্রতিনিধি স্বাক্ষর করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হবে।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, ১২ দলীয় জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ৩১টি দল ও জোটের নেতারা বৈঠকে অংশ নেন।
এর আগে দুপুরে ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার আগেই সন্ধ্যার জরুরি বৈঠক ডাকা হয়।
শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের তরফে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ পাঠানো হয়।
এসব দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে; দিয়েছে নোট অব ডিসেন্ট।
জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে ৮৪ দফা, তার মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন।
জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে ৪০ পৃষ্ঠার সনদে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর রাখা হয়েছে স্বাক্ষরের জায়গা।
