মির্জা ফখরুলের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাক্ষাতে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আবদুল মঈন খান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে কোরিয়ার রাষ্ট্রদূতের গাড়ি।
ঘণ্টাব্যাপী সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
পরে আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, “কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ, এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি।
‘বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে।…. বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।”
মঈন খান বলেন, “বিগত ১৭ বছর দুর্নীতিতে এই দেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি…। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে, সেটাই হচ্ছে কোরিয়া-বাংলাদেশের সম্পর্ক।
“আমরা এই নীতি অনুসরণ করেই দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা একথা বলেছি যে, ভবিষ্যতে যদি এদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব।”
