বহিষ্কার ৭ নেতাকে দলে ফেরাল বিএনপি
তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
মাঠ পর্যায়ের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই সাত নেতা হলেন– ময়মনসিংহ দক্ষিণের ভালুকা উপজেলার সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকার সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুরের সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুরের সাবেক সদস্য মো. আলি সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
“তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।”
