২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিবাদের পতন ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে: সালাহউদ্দিন

“আমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জন্য ১৭ বছর লড়াই করেছি,” বলেন তিনি।

ফ্যাসিবাদের পতন ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে: সালাহউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সেমিনারে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 10:56 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

সতেরো বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক সেমিনারে তিনি বলেন, “আজকের দিনটি আমাদের সবার কাছে যেন ঐতিহ্যের, গৌরবের হয় সেই প্রার্থনা। আমরা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জন্য ১৭ বছর লড়াই করেছি। ১৭ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে৷”

জুলাই অভ্যুত্থানকে ‘সাংবিধানিক মর্যাদা’ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, “আমরা জুলাইয়ের সঠিক প্রাপ্য দেব, রাষ্ট্রীয় সাংবিধানিক মর্যাদা দেব। ভবিষ্যতে কোনো শাসক যেন জুলাই নিয়ে আঙ্গুল তুলতে না পারে সে ব্যবস্থা আমরা করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক সেমিনারে কথা বলছিলেন সালাহউদ্দিন।

জুলাই সনদ নিয়ে ধীরগতির কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকদিন ধরে কাজ চলছে। তবে তাদের (সরকার) এত ধীরগতির কাজ নিয়ে তারা জুলাই সনদ প্রকাশ করতে পারবে কিনা আমি জানি না।

“১২ ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি একটি খসড়া সনদ দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটা রিফাইন্ড ভার্সন চেয়েছে আমরা সেটাও দিয়েছি। তারপরও এখনও তারা দিতে পারছে না।”

সেমিনারে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসু, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার কথা বলেন।