২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি-শৃঙ্খলা ও জানমাল রক্ষার আহ্বান বাম দলগুলোর

সারা দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

শান্তি-শৃঙ্খলা ও জানমাল রক্ষার আহ্বান বাম দলগুলোর
শেখ হাসিনার দেশত্যাগের খবরের রাজধানীর কয়েকটি থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 10:00 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

শেখ হাসিনার সরকার পতনের পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় ও জনগণের জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ।

সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে বাম দলগুলোর এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পদত্যাগ ‘জনতার বিজয়’। অবিলম্বে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদসহ আন্দোলনকারী সকল গণতান্ত্রিক ছাত্র ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার গঠন করেত হবে।

পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয় সভায়। সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা নিতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে বলেন, বিজয়কে সংহত করার জন্য সকল নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষের জানমাল বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ জাসদসহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে দায়িত্ব পালন করতে হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও জোটের অন্য নেতারা বৈঠকে ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর ৩ শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।

শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেনা সদরে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দেন।

তবে সরকার পতনের খবরে পর রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়সহ, বেশকিছু থানা ও স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে।