২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 11:59 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে শোক জানিয়ে তিনি বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন। যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে, কিন্তু দলের প্রতিষ্ঠাতা মহাসচিব তিনি ছিলেন।

“এই কারণে তার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

রমনায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক সমাবেশে বক্তব্য দিয়েই বিএনপি মহাসচিব বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীরর জানাজায় অংশ নেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার রাত পৌনে ৩টায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপির প্রথম মহাসচিব ছিলেন তিনি। ধানের শীষ প্রতীকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে তিনি উপ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী ছিলেন।

২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

পরে বি চৌধুরী বিএনপি ছেড়ে ২০০৪ সালের ৮ মে ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যু পর্যন্ত তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন-

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর চিরবিদায়