সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার
স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে এই সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় রয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনে বিএনপির এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনে বিএনপির এমপি আবদুল মঈন খান, কুমিল্লা-৬ আসনে বিএনপির এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম।
ঘোষণায় বলা হয়, “স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।”
জাতীয় সংসদের কার্যপ্রণালীর অংশ হিসেবে প্রতিটি সংসদেই সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে এই সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষে শপথ গ্রহণের পর নতুন স্পিকারের সভাপতিত্বে কার্যক্রম এগোয়। সেই ধারাবাহিকতায় সভাপতিমণ্ডলীর সদস্যদের নামও ঘোষণা করা হয়।
