‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা
বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মহাসচিব ফখরুল।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ আয়োজনে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
“তারেক সাহেব যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। উনি লন্ডন থেকে ওয়াশিংটন যাবেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
গত ১০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় মার্কিন কংগ্রেসের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজন কমিটি ।
