স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষে: উপদেষ্টা জাহেদ
তিনি বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো আয়োজন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।
চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো আয়োজন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, "লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।
"আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে। কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কি-না।"
স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, "নির্বাচনটা আয়োজনে ১০ মাস থেকে এক বছর লাগবে। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।"
'যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে'
দেশে ‘যথেষ্ট পরিমাণ’ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে সংবাদ সম্মেলনে আশ্বস্ত করেন উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, গত ২ মে পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ৯৬৫ মেট্রিক টন ডিজেল, ৩৪ হাজার ৭৩৪ মেট্রিক টন অকটেন, ১৯ হাজার ৩০৬ মেট্রিক টন পেট্রোল এবং ২৭ হাজার ৩০২ মেট্রিক টন ফার্নেস ওয়েল মজুদ ছিল।
"যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি; ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা চার পাঁচ গুণ বেড়ে গিয়েছিল কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন, আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি।"
তবে পশ্চিম এশিয়ার অস্থীতিশীলতার কারণে যে কোনো সময় যে জ্বালানি সংকট তৈরি হতে পারে, সে কথাও বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, "দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিই না। সেজন্য যে ফুয়েল পাসের কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবিলা করতে পারি।"
২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সাত দিন বিদ্যুৎ বিভাগকে কোনো লোডশেডিং করতে হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি দাবি করেন, লোডশেডিং করতে না হলেও কোথাও কোথাও সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে বিদ্যুতের বিভ্রাট হয়েছে।
"পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই যে সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে ঠান্ডা হওয়ার কারণে এই সংকটটা আমরা ফেইস করিনি।
"কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দিই না। আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে।"
দেশে এলএনজি নির্ভর বিদ্যুৎকেন্দ্র বেশি, কিন্তু পারস্য উপসাগরীয় অস্থিরতায় এলএনজির প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে বলে তুলে ধরেন উপদেষ্টা জাহেদ।
তিনি বলেন, "একটা সংকটের কারণে যদি ২০ থেকে ২৫ শতাংশ এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও, আড়াই গুণ তিন গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা যাবে না।
"এই ধরনের সংকট হতে পারে। আমি বলছি না যে হবেই। সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে।"
হাম ও ডেঙ্গু
হামে মারা যাওয়া শিশুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ায় সংবাদ সম্মেলনে আক্ষেপ করেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, "হাম এবং এর উপসর্গে... আমরা কথার মধ্যে একটু টেকনিক্যালিটিজ আছে, আপনারা জানেন যে ৩০০ জনের বেশি শিশু মারা গেছে। গতকাল সংখ্যাটা ৩০০ ক্রস করেছে, খুবই মর্মান্তিক ব্যাপার।
"এর মধ্যে ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন এটা প্রমাণ হয়েছে, সংখ্যাটা খুব বেশি না। কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই।"
হামের আক্রান্ত শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাদের আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি বলেন, "একসাথে অনেক বেশি রোগী আসছে এবং অনেক সময় রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসছে। আমি এ ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি।"
হামে তিন শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, "এর মত মর্মান্তিক কিছু হতে পারে না। আমি আগের দিনও বলেছি, একটা প্রিভেন্টেবল ডিজিজে একজন শিশুর মৃত্যু আসলে আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না।"
তিনি জানান, হাম রুবেলা টিকা ক্যাম্পেইনে এ পর্যন্ত ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, "আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডেঙ্গুর প্রকোপ কমাতে যথেষ্ট সফল হয়েছে। এবার আমরা অন্তত এই সময়টা দায়িত্বে আছি। আমরা বিশ্বাস করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার বেটার পারফর্ম করব। আমাদের এখানে ডেঙ্গুর সংকট খুব মেজর হবে না।"
