২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আগামী দিনে নির্বাচিত সরকার এলে ব্রাজিলের সঙ্গে কী কী কাজ করার সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা হয়েছে।”

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 01:43 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।

মঙ্গলবার বেলা ১১টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। 

এক ঘণ্টার বেশি সময়ের এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ট আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার এলে ব্রাজিলের সঙ্গে কী কী কাজ করার সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা হয়েছে। 

“কৃষি ও প্রাণিসম্পদে ব্রাজিলে অনেক এগিয়ে আছে। সেখানে আগামী দিনে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়া যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।”

আমীর খসরু বলেন, “একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন, ব্রাজিল ফুটবল… দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসের সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে…।

“ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সাথে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায়। সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।