২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, ‘এটা হচ্ছে আমার পরিকল্পনা’: তারেক

“এই দুটো জিনিস ভালো করে অ্যাড্রেস করতে পারলে অন্যান্য সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 04:37 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান।

শনিবার দুপুরে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি চেয়ারম্যান এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে— আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। 

“আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।”

তিনি বলেন, “বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”

গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই সাক্ষাত আয়োজন করা হয়। সেখানে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। 

‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় ১০ বিজয়ী হলেন, তৌফিকুর রহমান, রাফায়েতুল আহমেদ রাবিত, শেথখ রিফাত মাহমুদ, ফাতিমা আয়াত, মো. ইসরাফিল, শাজেদুর রহমান, শেখ মো.ইকরাতুল ইসলাম, যারিন নাজনীন, মো. রিফাত হাসান ও রমেসা আনজুম রোশমী। 

বিজয়ীরা তাদের নানা জিজ্ঞাসা তারেক রহমানকে করেন এবং তিনি সেগুলোর বিষয়ে খোলামেলা জবাব দেন।

ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামী হারা নারীরা কি ফ্যামিলি কার্ড পাবেন, এমন প্রশ্নও আসে।

জবাবে তারেক রহমান বলেন, “সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন, দেখুন, আপনি যদি দেখেন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই।

“আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।”

উদাহারণ হিসেবে বিএনপি চেয়ারম্যান বলেন, “যেমন একজন কৃষকের স্ত্রীও পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল, তার ওয়াইফও পাবেন।”

অনলাইনে নানা নিপীড়নের বিষয়ে মিডিয়া কথা বলে না, কেউ কথা বলেন না…আইনে কি আছে তাও মানুষ জানে না। এই বিষয়ে তার নিজের জিজ্ঞাসাগুলোর জবাব কি হতে পারে? 

জবাবে তারেক রহমান বলেন, “জিনিসটাকে আমরা এভাবে দেখি। আমাদের শিক্ষা নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, ওখানে কিন্তু দুইটা দিক আছে। ওখানে আপনারা বলেছেন যে, প্রাথমিক স্তর থেকে থেকে আমরা কতগুলো কাজ করছি। 

“দেখেন, আমি একটা ঘটনা বলি। ঘটনাটা কি? আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি। তো ওদের একটা ছেলে আছে ১২/১৩ বয়স। এটা আমি আরো পাঁচ ছয় বছর আগের কথা বলছি। একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে…কোনো কারণে ওর বাবা সিট বেল্ট লাগায়নি।

“ছেলে বলছে বাবা তুমি সিট বেল্ট লাগাও। বলে যে, না অল রাইট। ছেলেটা বললো,  তুমি সিট বেল্ট না লাগালে টিচার বলেছেন, আমি নেমে যাব। অর্থাৎ দেখেন এটাকে আমি বোঝাতে চাচ্ছি যে, এই যে সামাজিক মূল্যবোধ…এই জিনিসগুলো আমাদের  স্কুলে শেখাতে হবে এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাথমিক শিক্ষায় জোর দিতে চাচ্ছি বেশি। 

“জোরটা স্কুলভবন… নতুন নতুন তিন, চার, পাঁচতলা স্কুলভবন বানানো নয়। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাথমিক শিক্ষদের আরও যোগ্য করতে চাচ্ছি, প্রশিক্ষণ দিতে চাচ্ছি। যেই প্রশিক্ষণটার মধ্যে একাডেমিক প্রশিক্ষণ থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাব।”

তিনি বলেন, “আপনি যে সমস্যার কথা বললেন, এই যে এখন ‘সাইবার বুলিং’,  এসিডের ঘটনা…আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি শেখাই, এটা ভুল, এটা ঠিক, এটা কালো, এটা সাদা-এভাবে যদি বাচ্চাদেরকে আমরা শিখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চা যখন একটা পর্যায়ে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “তখন ধীরে ধীরে ধীরে এই বাচ্চাগুলা তো যখন প্রাইমারি, যখন দ্বাদশ শ্রেণি পার হবে তখন কিন্তু তারা সমাজের প্রিমিয়াম পার্ট হবে। তখন সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে…সেটা ব্যবসা-বাণিজ্য হোক চাকরি বাকরি হোক বিভিন্ন চাকরিতে যাবে তখন ওই যে সমাজিক মূল্যবোধ ওরা কিন্তু আস্তে আস্তে প্রয়োগ করা শুরু করবে।” 

এ সময় তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে বিবিসির একটা প্রোগ্রাম শোনার স্মৃতিচারণ করেন। সে অনুষ্ঠানি ছিল সামাজিক মূল্যবোধ নিয়ে বিবিসির করা গবেষণার ফল নিয়ে। তারা দুইটি গ্রুপ করে বাচ্চা ও অভিভাবকদের সামাজিক মূল্যবোধ শিখিয়েছে। 

তিনি বলেন, “যখন রিসার্চটা শেষ হল, রেজাল্ট যেটা পাওয়া গেল, যেখানে বাচ্চাদেরকে শিখিয়েছে ওখানে দেখা গেল ওই পরিবারে প্রয়োগটা ভাল। আর যেখানে অভিভাবকদের শিখিয়েছে সেখানে তাদের একটু গা ছাড়া ভাব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে, বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো এটা মন্দ বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে। এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে। বাবা মা যখন করছে না বাচ্চারা কম্পেইন করছে। না এটা এভাবে করতে হবে। আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকমভাবে করতে হবে।”

বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে নেতিবাচক জিনিসগুলো দেখে সে ক্ষেত্রে কী করা যায়, একজনের এমন প্রশ্নে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বলেন, “এখানে কাজ করার আছে।  আমাদের পরিকল্পনাটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি… দেখুন, আব্বার (জিয়াউর রহমান) সময় নতুন কুঁড়ি নামে একটা অনুষ্ঠান ছিল। এটা অবশ্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনায় আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি, আমরা নতুন কুঁড়ির সাথে আমরা স্পোর্টসটা যুক্ত করতে চাইছি।”

বয়স অনুযায়ী নিজেকে যুক্ত করার সঠিক জায়গায় থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা নতুন করে ‘নতুন কুঁড়ি’, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে সাজাতে চাইছি।”

স্কুল পর্যায় সিলেবাসে ক্রীড়া, তৃতীয় ভাষা, আবৃত্তি, কলা, গান, শিল্প-সংস্কৃতি বিষয় যুক্ত করার বিষয়টি ব্যাখ্যা করে তারেক বলেন, একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে রাখবেন, তখন সে আর ইন্টারনেট ব্রাউজ করার সময় পাবে না। কারণ এগুলোতে তাকে সময় দিতে হবে, পাস ফেইলের ব্যাপার আছে।

বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া মন্ত্রণালয়কে একটি টিম করে কাজ করবেন বলে তারেক রহমান তার ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, “পড়ালেখাটাকে আমরা সহজ করে আনতে চাচ্ছি। আমি খুব ‘সিরিয়াস স্টুডেন্ট’ কখনোই ছিলাম না। পড়ালেখাটাকে সহজ করতে চাই, যাতে বাচ্চারা আগ্রহী হয়। আপনি যখন আগ্রহ তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গাতে কিন্তু মাইন্ড টাইট হবে। তখন এগুলোতে ইন্টারেস্ট পাবে। এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাই।”

অনলাইনে হয়রানি নিয়ে আইন বিষয়ে পড়ালেখা করা জাইমা রহমান নিজের ভাবনা তুলে ধরে বলেন, “আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, মানে অনলাইনে যে হয়রানি হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই হয়রানি…। তুমি হয়তবা বলেছিলে, এটা যে ডিজিটাল এডুকেশন যদি করা হয়…। 

“আমাদের বোঝা উচিত ‘সিস্টেম হ্যাকিং রিপোর্টিং’ কীভাবে হয়? ‘রিপোর্টিং সিস্টেম’ হয়তবা করতে লাগবে, কমিউনিটি ডেস্ক যদি করা যায়, হয়তবা যদি এলাকায় কিছু ঘটে, তাহলে ওখানে এলাকার মানুষরাই জিনিসটাকে ম্যানেজ করতে পারবে, ওভাবে যদি লোকালি জিনিসটা ঠিকঠাক করা যায়, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কোনটা সঠিক, তাহলে ওই জিনিসটা অনেক কমে আসবে। সবকিছু একসাথে করতে হবে।”

মেয়ের এই ভাবনার সূত্র ধরে তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা একটি ঘটনা তুলে ধরেন। 

“আমি কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক। একে তো অবলা জীবকে বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে। এটা কেমনতর কথা।

“আমরা এটা চিন্তাভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে। আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করবো, কোনটা ভালো হবে এটা চিন্তাভাবনা করে করতে হবে। নাকি আমরা সেকেন্ডারি লেভেল করব। সেটা হচ্ছে যে, যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস সিক্সে যদি সেকেন্ডারি হবে ক্লাস সেভেন। তিনজন চারজন বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর যেটাই হোক একটা পাখি এটাকে পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কী অভিজ্ঞতা হল, কীভাবে পালন করলো এটা একটা এক্সাম হবে। এই জিনিসটা প্রবর্তন করা যায় কি না?”

ফেইসবুকের (মেটা) কার্যালয় বাংলাদেশ আনা যায় কিনা, সেটাও বিএনপির চিন্তায় আছে বলে তুলে ধরেন দলের চেয়ারম্যান।

ঢাকার যানজট নিরসন সম্পর্কিত এক প্রশ্নের তারেক রহমান বলেন, ঢাকার সড়ক, গণপরিবহন ব্যবস্থা ও বিভিন্ন সেবা সুবিধার বিষয় রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছু্ই কম-বেশি ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 

এ নিয়ে একজন পেশাদার স্থপতি ও ট্রাফিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “একটা চিন্তা আমার ছিল এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতে দেখেছি। সেটা হচ্ছে, আপনি যদি ঢাকা থেকে রেলগাড়িতে…রেলগাড়ি স্পিড হবে গড়ে ৬০/৭০ মাইল, কিলোমিটার নয়। আপনি এক ঘন্টায় কোথায় পৌঁছবেন…সহজে আপনি এক ঘণ্টায় ময়মনসিংহে পৌছাতে পারবেন, সহজে এক ঘণ্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন।”

এসব জেলা শহর ঘিরে তাদের পরিকল্পনা থাকার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন কোথায়? আমরা যেটা করতে চাইছি, সেটা হচ্ছে যে নতুন জায়গা নেব না। যেই জায়গায় অলরেডি শহরটা আছে, এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেইসিক সাপোর্টগুলা থাকবে। বেইসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে ভালো, এডুকেশন থাকবে, চিকিৎসা সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট থাকবে, সিকিউরিটি এনসিউর করার চেষ্টা করা হবে।”

‘‘আমরা যদি এই সিটিগুলাকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি? ওখানে ঘর খরচ যেহেতু কম হবে। ওখানে যদি যেহেতু স্কুল ফ্যাসিলিটি, হেলথ ফ্যাসিলিটি এগুলো করবো আমরা সিকিউর থাকবে….খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি যেটা আমরা দেখেছি অন্যান্য দেশে, যারা করেছে তারা ওই জায়গায় চলে যাবে। তখন আপনি একটা বড় অংশকে এইভাবে বাইরে নিয়ে গেলেন। তখন ঢাকার সমস্যাটা, ট্রাফিক টাইম এটা কমে আসার সম্ভাবনা আছে।”

ট্রাফিক বিশেষজ্ঞের সঙ্গে আলাপের প্রসঙ্গ ধরে তিনি বলেন, “ওনার যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রোরেল দেখছি। মেট্রোরেলটা তুলনামূলক কস্টলি…ওনাদের বক্তব্য হচ্ছে এবং অনেক জায়গায় আছে মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটাকে যেকোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন…আবার উঠিয়েও দিতে পারবেন।

“মনোরেলটার সুবিধা, ছোট ছোট বক্সের মতো দুইটা তিনটা বগি আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে এসে, আপনি মেট্রোতে উঠেন, তারা সেখানে কানেক্ট করতে পারবে। ওইভাবে যদি আমরা ঢাকা শহরটা কানেক্ট পারি, মনোরেলে খরচ কমে যাবে এবং ট্রাফিক ব্যবস্থা ভালো হবে। যত সহজে বললাম ব্যাপারটা তত সহজ না। সময় লাগবে, কঠিন কাজটা। কিন্তু অসম্ভব নয়। আমরা চেষ্টা করলে অবশ্যই হবে।”