জামায়াত আমিরের নির্বাচনি সমাবেশ শুরু
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১০ এ আদর্শ স্কুল মাঠে ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী ও জামায়াতের আমির শফিকুর রহমানের সমাবেশের মধ্য দিয়ে এ প্রচার শুরু হয়।
নির্বাচনি প্রচার আজ থেকে শুরু হয়েছে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
জামায়াতে ইসলামীর সমাবেশ ‘গোলামি না আজাদি’ স্লোগান শোনা যায়। বিদ্যালয়ের মাঠের বাইরে মিরপুর ১৪ থেকে মিরপুর ১০ নম্বরের সড়কটিতে সমাবেশ শুরুর আগ থেকেই গাড়ির চাপ বেড়ে যায়। মোড় ঘিরে ছিল জামায়াতের অনুসারীদের বিচরণ।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আরো আগেই সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। বিকাল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা।
ছোট ছোট ট্রাক, পিকআপে করে নেতাকর্মীরা এসেছেন আমিরের প্রথম নির্বাচনি সভায়।
মিরপুর শাহ আলী থানার তামান্না পার্ক এলাকার কর্মী কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আশা করি, জামায়াত-শিবিরের কর্মীর কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত, জান দিয়েছে। জুলুমকে পরাজিত করে আল্লাহ ও কোরআন প্রতিষ্ঠা করবো। ইসলামের শত্রুরা হুশিয়ার।"
বর্তমানে রুকন হওয়ার পথে থাকা এই কর্মী বলেন, "সাইকেল চালিয়ে এসেছি। আমিরের জয়ের ব্যাপারে, আল্লাহ যদি ডাকসুর মতো সাহায্য করেন, তাহলে এই আসনে জিতব এবং সরকার গঠন করবে জামায়াত।"
ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামেরর সঞ্চালনায় সভায় এনসিপির নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন। সভায় জুলাই আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন।
সমাবেশে বক্তারা গণভোটকে বিজয়ী করার আহ্বান জানান।
স্কুলের ভেতরে যখন সমাবেশ চলছে, বাইরে বড় পর্দায় তা দেখানো হচ্ছে। মিরপুর দশ নম্বর মোড়কে কেন্দ্র করে এরইমধ্যে যানজট সৃষ্টি হয়েছে।
নির্বাচনি সভায় অংশ নিতে এসেছে একজন শিশু, ক্লাস ওয়ানের এই শিক্ষার্থী দাঁড়িপাল্লার জয়ের আশা প্রকাশ করে।
শিশুটির বাবা এই প্রতিবেদককে বলেন, “আমি একজন স্কুল শিক্ষক, ও দেখতে এসেছে সভা।”
