২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ: দলগুলোকে নিয়ে ‘জরুরি’ বৈঠকে প্রধান উপদেষ্টা

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 07:00 PM

Updated : 10 Sep 2026, 12:56 PM

মতভিন্নতা মিটিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সন্ধ্যায় সাড়ে ৬টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে উপস্থিত আছেন।

রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, ১২ দলীয় জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ৩১টি দল ও জোটের নেতারা বৈঠকে উপস্থিত আছেন।

এর আগে দুপুরে ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার আগেই সন্ধ্যার জরুরি বৈঠক ডাকা হয়। 

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের তরফে ৩২টি রাজনৈতিক দল ও একটি জোটের কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ পাঠানো হয়।

এসব দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে; দিয়েছে নোট অব ডিসেন্ট।

জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে ৮৪ দফা, তার মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন।

জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে ৪০ পৃষ্ঠার সনদে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর রাখা হয়েছে স্বাক্ষরের জায়গা।

তবে সনদের কিছু বিষয় এবং বাস্তবায়নের বিষয় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বলেছে, জুলাই সনদে জাতি গঠনের ইতিহাস ‘ভুলভাবে’ উপস্থাপিত হয়েছে। 

দলটির সমন্বয়ক মাসুদ রানা বলেছেন, সংবিধানের চার মূলনীতি ঠিক না রাখলে সনদে স্বাক্ষর করা ‘সম্ভব হবে না’।

এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের প্রশ্ন সনদের অঙ্গীকারনামা নিয়ে। বিভিন্ন দল সনদের বহু পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। কিন্তু এই অঙ্গীকারনামার প্রথম পয়েন্টে বলা হয়েছে, ‘...এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব’। স্বাভাবিকভাবে বিভিন্ন বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া বেশিরভাগ দলের পক্ষেই এর পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা সম্ভব নয়।

“একইভাবে দ্বিতীয় পয়েন্টে ‘...পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসাবে অথবা যথোপযুক্তভাবে সংযুক্ত করব’ এই কথার উল্লেখ আছে। সনদকে সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নাই। 

“তবে ‘নোট অব ডিসেন্ট’ অর্থাৎ ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন মতসহ লিখিত একটা দলিল কীভাবে সংবিধানে যুক্ত হতে পারে- সে ব্যাপারে আমরা স্পষ্ট হতে পারছি না।”

মাসুদ রানা বলেন, “সনদে উল্লেখ করা হয়েছে, ‘আমরা জুলাই সনদ ২০২৫ এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করব না...’ । কোনো দল যদি দেখে, যে বিষয়গুলোতে তারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সেগুলোই অনুমোদিত ও কার্যকর হতে যাচ্ছে, তবে তার পক্ষে আদালতের শরণাপন্ন হওয়া স্বাভাবিক ও যৌক্তিক। জুলাই সনদের মতো একটা গণতান্ত্রিক সনদে এই ধরনের অঙ্গীকার থাকাটা অনভিপ্রেত।”

চার মূলনীতি নিয়ে বিবৃতিতে দলটি বলছে, “সংবিধানের মূলনীতির আলোচনাটি এই উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়। আদর্শিক-রাজনৈতিক বিষয়গুলোকে আলোচনার বাইরে রাখা উচিত। কারণ এ ব্যাপারে দলগুলোর মধ্যে ঐকমত্য সম্ভব নয়। তাই এই অংশে আলোচনার সময়ে আমরাসহ চারটি দল ওয়াক আউট করেছিলাম। এর বাইরেও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়টি বাদ দিয়ে সনদ রচিত হবে। কিন্তু চূড়ান্ত খসড়ায় সেটার প্রতিফলন আমরা দেখলাম না। আমাদের জাতি গঠনের ইতিহাসটাও সনদে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। 

“আমরা দীর্ঘদিন আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। এর একটা সুন্দর পরিণতি আমরা সকলেই চাই। আমরা আবারও কমিশনকে অনুরোধ করব সার্বিক দিক বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। সেটা না হলে এই সনদে স্বাক্ষর করা আমাদের পক্ষে সম্ভব হবে না।”

সনদের চূড়ান্ত খসড়া নিয়ে আপত্তি রয়েছে বাম ঘারানার অন্য দলগুলোরও।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এখানে যা দেখলাম, তাতে ভূমিকায় এর আগেও আমরা বলেছিলাম, এটাতে ইতিহাস যথাযতভাবে তুলে ধরা হয়নি।

“এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যার বিরোধিতা আমরা শুরু থেকে করে আসছি। আমরা তখনও বলেছি, চার মূলনীতির প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কিন্তু এই সনদে আমরা দেখলাম, তারা চার মূলনীতি ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”

পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অঙ্গীকার সনদে রাখা হয়েছে, তাতে ভিন্নমত রয়েছে সিপিবির।

প্রিন্স বলেন, “বাস্তবায়ন পদ্ধতিতে আমরা যা দিয়েছিলাম, তা চোখে পড়ে নাই। সুতরাং এই ধরনের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া যাবে কি না সেটা দল ও জোটের সাথে আলোচনা করে দেখব। তবে এই ধারা অব্যাহত থাকলে আমাদের পক্ষে এই সনদের পক্ষে কথা বলার মত পরিবেশ নেই।”

সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। তা এখনো চূড়ান্ত হয়নি। 

সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও পদ্ধতি আর ভোটের সময় নিয়ে মতভিন্নতা আছে। 

জামায়াতে ইসলামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরেই গণভোট চায়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তারা আন্দোলনও করছে।

অন্যদিকে পিআর পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি প্রবল। দলটি বলছে, জাতীয় নির্বাচন আর গণভোট এক দিনে হলে তবেই তারা রাজি।   

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। তা না হলে তারা সনদে সই করবে না বলে জানিয়েছে।