২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক কমিটির নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

“ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশ ও জনতাবিরোধী ষড়যন্ত্রের পাঁয়তারা করছে,” বলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

নাগরিক কমিটির নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
জাতীয় নাগরিক কমিটির এক নেতার ওপর হামলার অভিযোগে রাজধানীতে রোববার রাতে মিছিল করেন সংগঠনের সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 01:30 AM

Updated : 26 Aug 2026, 11:08 AM

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লার ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। 

রোববার সন্ধ্যায় সংগঠনটির বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজধানীর শাহবাগ পর্যন্ত এ মিছিল হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাও অংশ নেন।

মিছিলে নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র সামান্তা শারমিনসহ নির্বাহী কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আখতার হোসেন অভিযোগ করেন, “আজ (রোববার) ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের আতাউল্লাহ ভাইয়ের ওপর হামলা হয়েছে। এভাবে পতিত ফ্যাসিবাদি বাকশালীরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশ ও জনতাবিরোধী নানা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। এদের প্রত্যেকটি কর্মকাণ্ডের দায়ভার আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।

"গতকাল (শনিবার) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রকাশ্যে এসে ফুল দিয়ে গেছে। গত কয়েক দিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের দুজন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে।” 

সারজিস আলম অভিযোগ করেন, "যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, স্বৈরাচারের দোসররা সুযোগ পেলেই তাদের ওপর হামলা চালাচ্ছে।

“ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, তারা হামলার শিকার হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

তিনি বলেন, “ফ্যাসিস্টদের পদধারী দালালরা এখনও কীভাবে সেসব পদে বহাল আছে; তারা কীভাবে এখনও আদালত প্রাঙ্গণে থাকে! প্রশাসন এসব হামলার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। নিজেদের কাজের মাধ্যমে হারানো ইমেজ পুনরুদ্ধার করুন।"

মিছিলে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, "অগাস্টের পর পরাজিত ফ্যাসিবাদী ও গণহত্যাকারী শক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। 

“আমাদের অনেক সহযোদ্ধা অগাস্টের পরও হামলার শিকার হচ্ছে, হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে বারবার ব্যর্থ হচ্ছে।"

তিনি অন্তর্বর্তী সরকারকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।