২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই আন্দোলনে পরে যোগ দেওয়া অংশগ্রহণকারীদের ‘দীঘির শৈবাল’ বললেন বিএনপির এমপি

তিনি বলেন, ১৬ থেকে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ইতিহাস ছোট করে দেখার সুযোগ নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 09:57 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

জুলাই আন্দোলনে পরে যোগ দেওয়া অংশগ্রহণকারীদের ‘দীঘির শৈবাল’ আখ্যায়িত করেছেন গাজীপুর-৫ আসনে বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। 

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ১৬ থেকে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ইতিহাস ছোট করে দেখার সুযোগ নেই। 

সংসদে বক্তব্যে মিলন বলেন, জুলাই সনদ “কোনো কথামালার রাজনীতি নয়, কোনো শব্দের সমাহার নয়”, বরং “বাস্তবধর্মী” একটি ব্যবস্থা। 

তার ভাষায়, “এ সনদে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের অক্ষরে লেখা দাবি জড়িত; তাই এটি বাস্তবায়নে পদ্ধতিগত আলোচনা দরকার।”

বিরোধী সদস্যদের উদ্দেশে মিলন বলেন, “আমাদের বিরোধী দলের সদস্যরা অনেক সময় কানকথা নির্ভর রাজনীতি করেন। কিন্তু আমাদের উচিত সমস্যার সমাধানের দিকে যাওয়া।”

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিলন বলেন, “যারা আন্দোলনের একেবারে শেষে এসে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশে বলতে চাই, ১৬ থেকে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের যে ইতিহাস, তা ছোট করে দেখা ঠিক হবে না।”

ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ কামাল হোসেন গণভোটের প্রশ্নে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে থাকেন গণভোট বৈধ, তাহলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে, না হলে ১৮০ দিন পর সংসদ ‘অবৈধ’ হয়ে যাবে।

তার ভাষায়, জুলাই আন্দোলনের মূল কথা ছিল ‘রাষ্ট্র মেরামত’; আর সংবিধান পরিবর্তন না করে সংশোধন করা হলে রাষ্ট্র মেরামত হবে না।

কামাল হোসেন জ্বালানি সংকটের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাইনি। তেল শুধু মহান সংসদে। এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।”

চট্টগ্রাম-৯ আসনের বিএনপির সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “মানুষ আমাদের ভোট দিয়ে পাঠায়, কিন্তু তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন ঘটে না।”

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ এবং ৩১ দফা কর্মসূচির প্রতি মানুষের ‘আস্থার’ কথা তুলে ধরে বলেন, “তার নেতৃত্বে নিরাপদ, অধিকারের বাংলাদেশ গড়ে উঠবে বলে মানুষ আশা করছে।” 

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দলীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রপাগান্ডা’ এবং ‘মিথ্যা ফটোকার্ড’ ছড়ানো বন্ধে আইন করার দাবি জানান আবু সুফিয়ান। 

তিনি বলেন, “শুধু নিন্দা জানালে হবে না। এগুলো বন্ধ করতে সুস্পষ্ট আইন প্রণয়ন করতে হবে। কোনটা বাকস্বাধীনতা, আর কোনটা অপরাধ, সেই সীমারেখা আজ অনেকেই ভুলে যাচ্ছে।”

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির সদস্য আব্দুস সালাম আজাদ ফারাক্কা বাঁধের প্রভাবের কথা তুলে ধরে বলেন, “ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে।” 

তার ভাষায়, যে প্রেক্ষাপটে জিয়াউর রহমান ‘খাল খনন বিপ্লবের’ ডাক দিয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি আবার সামনে এনেছেন। 

তিনি বলেন, “বিরোধিতা করতে হয়, কিন্তু এমন বিরোধিতা করা যাবে না যাতে জাতি ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।” 

ময়মনসিংহ-১১ আসনের বিএনপির সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলেন, “তিনি কিছু সত্য স্বীকার করে গেছেন।”

তার ভাষায়, রাষ্ট্রপতি স্বীকার করেছেন, “এ বাংলাদেশে গুম হয়েছে, খুন হয়েছে, ২০২৪-এর গণহত্যা হয়েছে” এবং বর্তমান জাতীয় সংসদ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এসেছে।

ফখরুদ্দিন বলেন, “আমরা ধরে নিতে পারি, বিগত সরকারের নানা অপকর্মের তিনি একজন সাক্ষী হিসেবে তার বক্তব্য রেখে গেছেন।”