২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আওয়ামী লীগ ‘গুজব ছড়াচ্ছে’: ফখরুল

“অনেক গুজব চারদিকে, তাই না। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই,” বলেন তিনি।

ভারত থেকে আওয়ামী লীগ ‘গুজব ছড়াচ্ছে’: ফখরুল
ঢাকার উত্তরায় বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নিজেদের মধ্যে বিভেদ নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব ছড়াচ্ছে’।

মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি জনগণকে সর্তক থাকার আহ্বান নিয়ে বলেন, “অনেক গুজব চারদিকে, তাই না। গুজবে কান দেব না।

“কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই। আমাদের মধ্যে ঐক্য আছে…সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিকালে উত্তরার ১২ সেক্টারে একটি খাল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুরে মানিকনগরে খাল পরিষ্কার কর্মসূচি পালিত হয়।

‘পরিচ্ছন্নতা যেন লৌকিকতা না হয়’

ফখরুল বলেন, “আজকে খাল পরিষ্কার অভিযান। আজকে আমাদের র‌্যালি হওয়ার কথা ছিল। র‌্যালি হলে রাস্তায় ভিড় হয়ে যায়, গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়… মানুষের কষ্ট হয়, এই কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বললেন, ঢাকা শহরে দুইটা অঞ্চলে দুইটা খাল আপনারা বেঁছে নেন যেটা আপনারা পরিষ্কার করবেন। 

“সেইভাবে আমাদের নেতাদের বলেছি, সেইভাবে এই কর্মসূচি হচ্ছে।”

দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আজকে পাঁচ মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না, পাঁচ মিনিটের জন্য আমরা দেখলাম যে, আমরা পরিষ্কার করতেছি… তারপরে নাই। এই খাল আমরা দেখতে চাই যে, পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতা-কর্মীরা পরিষ্কার করেছে। এখানে বুঝা যাবে যে আপনাদের, দলের প্রতি দরদ কতটা।”

তিনি বলেন, “নেতাদের স্যুট-কোট পরে আসলে হবে না, কারা পরে আসছেন? স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না, পায়জমা পড়েন, হাফ প্যান্টস পরেন…পরে সবার সঙ্গে পরিচ্ছন্নতায় নামতে হবে।

“মহিলা নেত্রীরা কেউ কেউ সাজগোজ করে পার্লার থেকে আসছেন আমি দেখতে পারছি। এই কর্মসূচি হবে না…হাঁটতে হবে, জনগণের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলতে হবে…আমি কি কথাগুলো ভুল বলেছি, ভাই।”

ঢাকার মানিকনগর বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার মানিকনগর বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

‘কোথাও গোলযোগ করা যাবে না’

ফখরুল বলেন, “ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংসদগুলোতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে।

“সেখানে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল আপনাদের দায়িত্ব বেশি তাই না।”

বিএনপি মহাসচিব বলেন, “ইতোমধ্যে তো দায়িত্ব এসেই পড়ছে আপনাদের কাছে, পাড়ায় মহল্লায় কোনো গোলযোগ-টোলযোগ হলে আপনাদের কাছেই লোকজন আসে না, মিটমাট করে দেওয়ার জন্য। পুলিশ ভাইয়েরা ওই দূরে থাকেন, তাদের বললে, বলেন যে, আপনাদের ব্যাপার আপনারা বুঝেন।”

পুলিশের এমন অবস্থানের জন্য নৈতিকতার ঘাটতি কথা তুলে ধরে তিনি বলেন, “অপকর্ম করছে অনেক, তাই না। এখন আর অপকর্ম করতে দেওয়া যাবে না। আমরা পুলিশ ভাই সবাইকে আহ্বান জানাই, অতীতে যা খারাপ কাজ করছেন করছেন, এখন দয়া করে ভালো হয়ে যান, সিধা হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। তাহলে আপনাদেরকে সবাই ভালোবাসবে।”

এ সময়ে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত ছিলেন।

পরে খাল পরিষ্কার অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

তার আগে বেলা ১২টায় পুরান ঢাকায় মহানগর দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

পরে নেতা-কর্মীসহ তিনি নিজে পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের জাকির হোসেন রোকন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, ফরহাদ হোসেন।