জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘জাতীয় বিপর্যয় অনিবার্য’: খেলাফতের জালালুদ্দীন
যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ঠেলে দিতে চায়, তারা আসলে রাজনৈতিক সুবিধা খুঁজছে, বলেন তিনি।
অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ‘জাতীয় বিপর্যয় অনিবার্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।
পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকায় বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
“জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য। এ ছাড়া কোনো নির্বাচনি প্রক্রিয়া দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনবে না।”
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পূর্বঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজসিল।
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পল্টন ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে গিয়ে শেষ হয়।
সেখানে দলের মহাসচিব জালালুদ্দীন বলেন, “হাজার হাজার ছাত্র–জনতার রক্তের বিনিময়ে সংঘটিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ঠেলে দিতে চায়, তারা আসলে রাজনৈতিক সুবিধার খোঁজ করছে। এখনই দেশের ও জনগণের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি বলেন, “এই সরকারকেই সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে।”
গত বছরের ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও আন্দোলনের সময় দমন-পীড়নের বিচারের উদ্যোগ নেয়। সংস্কারের ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছলেও মৌলিক সংস্কার বাস্তবায়নের উপায় নিয়ে বিভক্তি রয়েছে। বিচারকাজও চলছে।
এরই মধ্যে জাতীয় নির্বাচনের জোর দাবি জানায় বিএনপি। এ নিয়ে নানা ঘটনাপ্রবাহে গেল ৫ অগাস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন অর্থহীন হবে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিচার দৃশ্যমান না হলে জাতির ঐক্য টেকসই হবে না।
“প্রশাসনের ফ্যাসিবাদের দোসরা বহাল তবিয়তে রয়ে গেছে। অবিলম্বে এদেরকে অপসারণ করতে হবে।”
সংসদীয় কাঠামোর বিষয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতি ছাড়া উচ্চকক্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।”
তার ভাষ্য, “বর্তমান পদ্ধতিতে ক্ষমতা একটি নির্দিষ্ট দলের হাতে কুক্ষিগত হয়ে পড়ে, যা ইনসাফ ও জাতীয় স্বার্থের জন্য হুমকি। প্রকৃত রাজনৈতিক বিকাশ ঘটাতে ও সংসদকে জাতির কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে হলে উচ্চকক্ষে পিআরের কোনো বিকল্প নেই।”
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে জালালুদ্দীন বলেন, “অবিলম্বে আওয়ামী লীগের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পলাতক আওয়ামী লীগ তাদের ঘাড়ে ভর করে পুনর্বাসনের স্বপ্ন দেখছে। বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক চর্চা রক্ষায় এদের নিষিদ্ধ করা অপরিহার্য।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনোয়ার হোসেন রাজী। দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় সামবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, প্রচার সম্পাদক হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছানাউল্লাহ আমীনি, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুর্শিদ সিদ্দীকি, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ।
