এ বছর নির্বাচন করাটা ‘কঠিন’: নাহিদ ইসলাম
এনসিপির অর্থায়ন প্রসঙ্গে সাবেক এ ছাত্রনেতার বক্তব্য হল, সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি তাদের অর্থায়ন করছে।
অন্তর্বর্তী সরকার দেশের জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারছে না এবং এর প্রভাবে চলতি বছর সংসদ নির্বাচন করাটা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন আত্মপ্রকাশ করা দলটির প্রধান বলেন, “গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হয়েছে খানিকটা, কিন্তু সেটার প্রত্যাশার সমান নয়।
“পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে জাতীয় নির্বাচন করাটা সম্ভব হবে।”
নিজেদের নতুন দল নিয়েও কথা বলেন নাহিদ। তার দাবি, আগামী সংসদ নির্বাচন যখনই হোক, তার দল প্রস্তুত আছে।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।
আন্দোলনের সময় নাহিদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যিনি ৫ অগাস্টের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন।
এর মধ্যে নতুন দল (এনসিপি) গড়তে গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ছাড়েন ২৬ বছর বয়সী নাহিদ।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যাপারে সবার ঐকমত্য জরুরি বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতা।
“আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে দ্রুত একটা নির্বাচন দেওয়ার কথা বলতে পারব। কিন্তু ঐকমত্যের পেছনে যদি বেশি সময় চলে যায়, তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।”
এনসিপির অর্থায়ন প্রসঙ্গেও কথা বলেন নাহিদ। তার ভাষ্য, সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি তাদের অর্থায়ন করছেন।
নতুন অফিস ও নির্বাচনের জন্য তহবিল গঠনে শিগগির এনসিপির পক্ষ থেকে ‘ক্রাউডফান্ডিং’ হবে বলেও তুলে ধরেন তিনি।
