২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাগলরা’ চিহ্নিত করার আগেই ‘মতিউরদের’ ধরার দাবি সংসদে

“কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয় না বা পক্ষ নেয় না”, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে বলেন বাহাউদ্দিন নাছিম।

‘ছাগলরা’ চিহ্নিত করার আগেই ‘মতিউরদের’ ধরার দাবি সংসদে
১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার চুক্তির পর এনবিআর সদস্য মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য আসে গণমাধ্যমে। এরপর মতিউরকে সরিয়ে দেওয়া হয়। তিনি এখন লাপাত্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 09:39 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

সরকারি কর্মকর্তাদের মধ্যে এনবিআর থেকে সরিয়ে দেওয়া মতিউর রহমানদের মত কারা আছেন, তা চিহ্নিত করার দাবি উঠেছে সংসদে।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এমন মতিউর আছে, ছাগল বা বোবা প্রাণী দ্বারা চিহ্নিত করার আগে তাদের চিহ্নিত করার প্রয়োজন।”

বুধবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, “যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিউরকে দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম এমনকি আমরা যারা রাজনীতিবিদ আছি তারা চিহ্নিত করতে পারি নাই। তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিউর আরও আছে কিনা, যাদের ভবিষ্যতে ছাগল বা অন্য কোন বোবা প্রাণীর চিহ্নিত করার আগে তাদের চিহ্নিত করার প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থার।”

এবার কোরবানির ঈদে ঢাকার আলোচিত খামার সাদিক এগ্রো থেকে ১২ লাখ টাকায় একটি ছাগল কেনার বায়না করে আলোচনায় আসেন ১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত। জানা যায় এই তরুণ আরো ৫০ লাখ টাকায় বেশ কয়েকটি গরু কিনেছেন।

পরে প্রকাশ পায় তিনি এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে, যদিও মতিউর গণমাধ্যমে এসে তার পিতৃ পরিচয় অস্বীকার করেন। কিন্তু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার এই অসত্য দাবির বিষয়টি উঠে আসে, ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজামউদ্দীন হাজারী জানান, মতিউর ও ইফাতের সম্পর্ক বাবা-ছেলেন। 

ইফাতের মা মতিউরের দ্বিতীয় স্ত্রী এবং সেই নারী নিজাম হাজারীর মামাত বোন।

মতিউর রহমানের সঙ্গে তার ছেলে ইফাত।

মতিউর রহমানের সঙ্গে তার ছেলে ইফাত।

এরপর মতিউর ও তার দুই স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ পেতে থাকে। জানা যায়, এনবিআরের সদস্য হয়ে পুঁজিবাজারে আসার আগে কোম্পানির প্লেসমেন্ট শেয়ার নিতেন মতিউর। এভাবে বিপুল পরিমাণ অর্থ আয় করেন। 

এসব ঘটনায় মতিউর এনবিআরের সদস্যের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালকের পদ হারান। তার ও স্বজনদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এর আগেই মতিউর দেশের বাইরে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

মতিউর ছাড়াও এই মুহূর্তে আলোচনায় আছেন পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ, যার নিজের ও স্বজনদের নামে দেশের বেশ কিছু জেলায় বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সমালোচনা

বেনজীরও তার স্বজনদের নিয়ে দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। তারা দুর্নীতি দমন কমিশনের তলবে হাজির হননি।

পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ কর্মকর্তাদের সম্পদের তথ্য প্রকাশ করায় উষ্মা প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতিও দেয়।

এমন বিবৃতির কথা সরাসরি উল্লেখ না করেও বিষয়টি নিয়ে কথা বলেন নাছিম। তিনি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থা, যারা অগ্রণী ভূমিকা পালন করে, সেক্ষেত্রে তারা যেন এ বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, বিবৃতি দেওয়া, পক্ষে নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে রক্ষার নামে তাদের সংস্থার সকলের উপর দায়ভার না চাপায়, সেদিকে সকলের সজাগ থাকা প্রয়োজন।”

আওয়ামী লীগ নেতা বলেন, “কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয় না বা পক্ষ নেয় না, বরং রাজনৈতিক পদক্ষেপ ও আইনি বিচারে সোচ্চার হয়। এটাই হল সৎ রাজনীতিবিদদের মহত্ত্ব। 

“কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই, যখন কোন সরকারি বা বেসরকারি, আধা সরকারি কিংবা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠী বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি প্রদান করে। প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলো গ্রহণ করে। পুরো সংস্থার উপর চলে আসে এ দায়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

বাহাউদ্দিন নাছিম বলেন, “দুর্নীতিবাজ ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি যে কোন দলের বা সংস্থার হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।”

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে ঋণ খেলাপি কমানোর দাবি জানান নাছিম। তিনি বলেন, “ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদের চিহ্নিত করতে হবে। 

“তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। নাছিম বলেন, বিশেষ টাস্কফোর্স গঠন করে এই দুষ্টচক্র, সর্বগ্রাসী, স্বার্থান্বেষী চক্রের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে।”