১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের আগে ডিএমপিতে বিএনপি নেতারা

বুধবার নয়া পল্টনে সেই সমাবেশ থেকে আন্দোলনের ‘নতুন যাত্রা’র ঘোষণা দেবে বিএনপি।

সমাবেশের আগে ডিএমপিতে বিএনপি নেতারা

ঢাকায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির নেতাক-র্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 06:31 PM

Updated : 10 Jul 2023, 06:32 PM

নয়া পল্টনে বুধবারের সমাবেশের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি; যে কর্মসূচি থেকে সরকার পতনে এক দফার আন্দোলনের ঘোষণা আসার কথা।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন।

পরে খায়ের ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের বুধবারের সমাবেশের বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি। আমরা সমাবেশ অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুনুর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারও বৈঠকে উপস্থিত ছিলেন।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির প্রতিনিধি দলটি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাদের আবেদন দিয়ে গেছে।

সমাবেশের বিষয়ে পুলিশের কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনপি বুধবার বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে আন্দোলনের ‘নতুন যাত্রা’র ঘোষণা আসবে ওই সমাবেশ থেকে।

পুরনো খবর:

বুধবার থেকে আন্দোলনে ‘নতুন যাত্রা’: ফখরুল