Published : 08 Jun 2026, 03:51 PM
‘মব’ সৃষ্টিকারীদের মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না।
তিনি বলেছেন, “আমি শুধু তাদেরকে (মব সৃষ্টিকারীদের) বলব যে, রাজনৈতিকভাবে কাজ-কর্ম করবেন আশা করি; বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
“জাতীয়তাবাদী যুবদল বিএনপির সবচাইতে বৃহৎ একটি অঙ্গসংগঠন। আমাদের সংগঠনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সম্পর্কে সবার ধারণা আছে। আমরা রাজপথে আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে এসবকে মোকাবিলা করব ইনশাল্লাহ।”
সোমবার দুপুরে নয়াপল্টনে একটি হোটেলে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির মতবিনিময় সভায় যুবদলের এ অবস্থানের কথা জানান দেন মুন্না।
তিনি বলেন, “প্রত্যেকে চোখ-কান খোলা রাখবেন। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে দেশে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মবতন্ত্র শুরু হয়েছিল এবং এই মবতন্ত্র ও একটি উচ্ছৃঙ্খল শ্রেণি যে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠছে।
“আমরা তাদের প্রতি একটি বার্তা দিতে চাই, যুবদলের সভাপতি হিসেবে আমার জায়গা থেকে যে—চটুল কথাবার্তা বলে কিন্তু রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। যারা মব এবং মনে করছে যে, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবেন, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো, জ্ঞানী, বুদ্ধিমান বলে আমি মনে করি। তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই।”
গত ৪ জুন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নেতৃত্বাধীন ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় বিএনপি। এর আগে গত বছরের ৯ জুলাই মুন্নাকে সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান মোনায়েম মুন্না।
এর আগে যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, “আমাদের অভিভাবক আমাদের নেতা জনাব তারেক রহমানের যুবদলের প্রতিটি নেতাকর্মীর প্রতি স্নেহ ও ভালোবাসা রয়েছে। আমরা খেয়াল করব যে—পদ আমাদেরকে দেওয়া হয়েছে, সেই পদের যেন আমরা অপব্যবহার না করি। যুবদল যাতে সারাদেশের একটি আদর্শের সংগঠনে পরিণত করতে পারি।
“এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন আপনারা এবং আপনাদেরকে মডেল মনে করেই কিন্তু আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি। যে পদ আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি মনে করি এটি দলের একটি আমানত।
“আপনারা আগামী দিনের সুনাম বৃদ্ধি হবে এই কাজগুলা করবেন। যে কাজগুলো করলে যুবদলের দুর্নাম হবে, দয়া করে একাজগুলো আপনারা করবেন না। আপনার সামনে সে যেই হোক, যদি কেউ অন্যায় করে—আপনি প্রতিহত করবেন এবং তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা করা দরকার, সেগুলো করতে আমাদেরকে সহযোগিতা করবেন।”