Published : 26 Jul 2023, 04:43 PM
আন্দোলন কর্মসূচির নামে জননিরাপত্তার ‘বিঘ্ন ঘটালে’ এর দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপিকে আন্দোলন ছেড়ে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ারও আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের এই নেতা।
বুধবার এক বিবৃতিতে কাদের বলেন, "কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে এবং জননিরাপত্তার বিঘ্ন ঘটলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে।
“আমরা বিএনপিকে এই ষড়যন্ত্র অপকৌশল থেকে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানাই।“
‘আন্দোলনের নামে’ কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা ‘মোকাবিলা’ করবে বলেও হুঁশিয়ার করেছেন কাদের।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, "ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিএনপির রাজনীতির মূল হাতিয়ার হলো সন্ত্রাস ও মিথ্যাচার। বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলণ্ঠিত করে… জনগণের গণতান্ত্রিক অধিকারের টুঁটি চেপে ধরে।“
বিএনপিকে ‘গণচেতনার বিপরীতে পথ চলা রাজনৈতিক অপশক্তি’ হিসেবে বর্ণনা করে কাদের বলেন, “বিএনপি ও তার দোসররা বার বার এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। জনমনে ভীতির সঞ্চার করে জনগণকে জিম্মি করে যে কোনো উপায়ে ক্ষমতা দখলই বিএনপির একমাত্র লক্ষ্য।"
কাদেরের কথা হল, বিএনপির মুখে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের কথা ‘ভূতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছু নয়।
সরকারি দলের এই নেতার ভাষ্য, গণতন্ত্রের মুখোশ পরে জনগণের সামনে দাঁড়াচ্ছে। মুখোশের আড়ালের মুখগুলোকে জনগণ ভালোভাবেই চেনে। তাই বিএনপির কোনো আহ্বানে জনগণ সাড়া দেয়নি এবং আগামীতেও তারা জনগণের কোনো সমর্থন পাবে না।“
বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ রাজনৈতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
কাদের বলেন, "বিএনপির তথাকথিত আন্দোলনের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে। জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। আর এ লক্ষ্যে তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীকে লেলিয়ে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।“
নির্বাচন যত ঘনিয়ে আসবে বিএনপির ‘সন্ত্রাসী অপতৎপরতা তত বৃদ্ধি পাবে’ বলেও মন্তব্য করেন কাদের।