Published : 09 May 2026, 12:58 PM
সরকারের পরিকল্পনা তুলে ধরতে বিএনপিসহ দলের তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন তারেক রহমান।
শনিবার বেলা পৌনে ১১টায় ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত রয়েছেন।

১২ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।
রুহুল কবির রিজভী বলেন, “দলের নির্বাচনি ইশতেহার এবং সরকারে যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো নেতাদের কাছে তুলে ধরা হবে। দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে এই সভায় আলোচনা হবে।”
এই বৈঠকটি চলার কথা রয়েছে দিনব্যাপী।