২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম

“জুলাই আন্দোলন কেবল সরকার পতনের আন্দোলন ছিল না; এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন,” বলেন তিনি।

জুলাই সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন শহীদ আবু সাঈদের মা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা সংবলিত জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহনা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এই ঘোষণা আদায়ে আগামী মাসের শুরুতে ফের ছাত্র-জনতাকে নিয়ে রাজপথে নামবেন; আদায় করেই ছাড়বেন জুলাই সনদ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন নাহিদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির প্রথম দিন রংপুর ও গাইবান্ধায় পদযাত্রা ও পথসভা করছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দল এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই- যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে, এই যে হাজারো-লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল, তারা ঘরে ফিরে গিয়েছে; তাহলে আপনারা ভুল ভাবছেন। 

“আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র-জনতা-তরুণ-শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। 

“এবং আমরা তেসরা অগাস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব। এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ- সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।”

এনসিপি প্রধান বলেন, “সাংবাদিক ভাইদের বলছি, আসলে মানুষ কী চায়; এই এক বছরে মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এবং আমাদের মধ্যেও আসিলে হতাশা রয়েছে। কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কারটা- সেটাও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি।

“আমরা মনে করি, এই যে বলা হচ্ছে যে- এটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল; আমরা মনে করি- এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না। এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন।” 

ক্ষমতা থেকে একটি দলকে সরাতে বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণঅভ্যুত্থান ঘটেনি মন্তব্য করে নাহিদ বলেন, “গণঅভ্যুত্থান ঘটেছিল এই যে- একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য।” 

এনসিপি বলে আসছে, জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে। সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দলিল হবে এই সনদ। পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য থাকবে।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস পড়ে।

৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাড়ে ১৫ বছর দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা।

১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাকেই এ আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে সম্মান জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি শুরু হচ্ছে আজ। ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরো একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ শরিক হয়েছিল হাজারো-লক্ষ তরুণ-ছাত্র-জনতা।

“কিন্তু আমরা দেখেছে, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়, গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। এবং এই পতন ঘটাতে ক্রীড়নকের ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু।”

তিনি বলেন, “ষোলই জুলাই শহীদ আবু সাঈদ, মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে; পুরো বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল।”

আওয়ামী লীগ সরকার পতনের এক দফার ঘোষক নাহিদ বলেন, “ষোলই জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো-লক্ষ ছাত্র-তরুণ এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা, সেটি ঘোষণা করে আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা…

“আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যাম দরকার, এখন রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের এই জুলাই পদযাত্রা; যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, ৬৪ জেলার মানুষের সাথে আমরা কথা বলব, আমরা তাদের কথা শুনব। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল, সেই শব্দ, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব।”

তিনি বলেন, “আমরা আমাদের এই পদযাত্রা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ থেকে। পীরগঞ্জের এই পবিত্র মাটি- যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন; সেই আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি। 

“আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। আবু সাঈদের মত অন্য সকল শহীদেরা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের যে লড়াই; সেই লড়াইয়ের অনুপ্রেরণা, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ- আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” 

নাহিদ বলেন, “আজকের দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাঈদসহ সকল শহীদদের, আহতদের স্মরণ করছি। 

“এবং আমাদের যে দাবি ছিল- বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আমি আজ আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাইয়ের এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজসহ সকল ধরনের ছাত্র-তরুণ যারা নেমে এসেছিল, যেসকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণঅভ্যুত্থানে শক্তি যুগিয়েছিল; তাদেরকে স্মরণ করছি, আলেম সমাজকে স্মরণ করছি, শ্রমিক শ্রেণিকে স্মরণ করছি। 

“পেশাজীবীসহ সংস্কৃতিকর্মী- যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই ও বোনেরা, যারা বিদেশে থেকেও এই আন্দোলনে আমাদের সাহস ও শক্তি যুগিয়েছেন, সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি। তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি, যে ঐক্যের জায়গা, যে অনুপ্রেরণার জায়গাগুলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল; আমরা সেই গণঅভ্যুত্থানকে ধারণ করি, জাতীয় নাগরিক পার্টি সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সামনে এগিয়ে যাবে।”