‘একদলীয় শাসন’ সমাজকে গ্রাস করছে: মঈন
বর্তমান সরকার ‘একদলীয় শাসন ব্যবস্থার’ মাধ্যমে পুরো সমাজকে গ্রাস করে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুল মঈন খান।
রোববার বিকেলে পলাশ মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
ফাইল ছবি
ভিন্ন মত প্রকাশের কোন সুযোগ দেশে নেই বলেও অভিযোগ করেন তিনি।
গত শুক্রবার ডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিলে হামলার অভিযোগ করে মঈন খান বলেন, “প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি নাস্তিক দল। এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।”
পলাশ থানা বিএনপি’র সভাপতি এরফান আলী ভূইয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে জাসাস কেন্দ্রীয় সভাপতি আবুল হাশেম রানা, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী, বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
