অগ্রাধিকার খালেদা জিয়ার সাজার ব্যবস্থা করা: ইনু
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখন অগ্রাধিকার খালেদা জিয়ার বিচারের ব্যবস্থা করা।
শনিবার নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
জাসদ সভাপতি ইনু বলেন, “এই মুহূর্তে (মধ্যবর্তী) নির্বাচন নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না। আমরা মাথা ঘামাচ্ছি জঙ্গিবাদ এবং আগুন সন্ত্রাসীদের উৎপাত থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে নিরাপদ কিভাবে করা যায় সেটা নিয়ে।
“তার জন্য আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার মামলা কীভাবে দ্রুত নিষ্পত্তি করে হত্যাকাণ্ডের জন্য, মানুষ পোড়ানোর জন্য তার সাজার ব্যবস্থা করা যায়। সেটাই এই মুহূর্তের রাজনৈতিক অগ্রাধিকার। নির্বাচন এই মুহূর্তের রাজনৈতিক অগ্রাধিকার নয়।”
২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি নতুন করে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্ররা তা প্রত্যাখ্যান করে আসছে।
সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনের নজির তুলে ধরে ইনু বলেন, “তারা তো নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঝপথে পালিয়ে যান। আগে মন ঠিক করেন, আপনার ব্যালট যুদ্ধ করবেন, না আগুন যুদ্ধ করবেন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে ‘ধ্বংস’ করছে- বিএনপির এই দাবি উড়িয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এটা ডাঁহা মিথ্যা কথা।
“উন্নয়নের ধারা জোরালোভাবে চলছে এবং সবকিছুর পরেও সাড়ে ছয়ভাগ প্রবৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ অর্জন।”
