২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমেও সমান সুযোগের দাবি উত্তরের প্রার্থীদের

প্রধান দুই দল সমর্থিতদের দিকেই গণমাধ্যমের নজর থাকার অভিযোগ তুলে প্রচারের ক্ষেত্রে সমান সুযোগ দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বেশিরভাগ প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:19 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

সরকারবিরোধী আন্দোলনে থাকা ২০ দলের নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং গ্রেপ্তার নেতাকর্মীদের জামিনে মুক্তি দিয়ে ‘সবার জন্য সমান সুযোগ’ সৃষ্টির দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতাও চেয়েছেন তিনি।

নির্বাচন যেন টাকার খেলা না হয়, সেদিকে নজর দিতে বলেছেন তিন প্রার্থী।

কোনো অভিযোগ নেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আনিসুল হকের। সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ সৃষ্টির পক্ষে মত ব্যক্ত করে প্রচারে সবাইকে সমান গুরুত্ব দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার ফার্মগেইটে কেআইবি কমপ্লেক্সে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন প্রার্থীরা। তবে তাদের দাবি ও নির্বাচন পরিচালনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য না শুনেই কক্ষ থেকে বেরিয়ে আসেন আনিসুল হক, তাবিথ আউয়াল ও মাহী বি চৌধুরী।

মতবিনিময়ের শুরুতে নির্দলীয় প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন বক্তব্যে গণমাধ্যমের প্রতি নির্বাচন কমিশনের কোনো বক্তব্য না থাকার সমালোচনা করলে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হট্টগোল শুরু করেন।পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে তা বন্ধ হয়।

খোকন বলেন, “এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। নির্বাচন দেখে মনে হচ্ছে, এক বা দুই জন ব্যক্তি নির্বাচন করছেন। নির্বাচন কমিশন কেন গণমাধ্যমগুলোকে বলছে না সকলকে সমান সুযোগ দিতে।”

বিএনএ সমর্থিত প্রার্থী শেখ শহীদুজ্জামানও প্রচারে ‘সুযোগ না দেয়ায়’ গণমাধ্যমের সমালোচনা করেন।

গণমাধ্যমে সমান সুযোগ চাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।

“রাজনৈতিক দলের পরিচয়ে কেউ প্রচার চালাতে পারবে না। গণভবন থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে,” বলেন তিনি।

নির্বাচন যেন ‘বিত্তবানদের লড়াই’ না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি করে কে কত টাকা খরচ করছেন তা তদারকির প্রস্তাব দেন বিকল্প ধারার মাহী বি চৌধুরী।

গণমাধ্যমে সমান সুযোগ চেয়ে তিনি বলেন, “প্রত্যেক প্রার্থীর প্রচার এবং নির্বাচনী ইশতেহার গণমাধ্যমে প্রচার করতে হবে। এজন্য প্রচারিত সময়কে প্রত্যেকের জন্য সমান ভাগে ভাগ করে দিতে হবে।”

তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, “নির্বাচনে পেশী শক্তি ও টাকার খেলা বন্ধ করতে কমিশনকে উদ্যোগ নিতে হবে।”

নির্বাচনের আগে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী।

নির্বাচনের আগে প্রার্থীদের হয়রানি বন্ধ করার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল কাফী রতন।

সবার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেন, “আমি সকল মেয়র প্রার্থীদের সঙ্গে একমত। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

“অনেক প্রার্থী সভায় অভিযোগ করলেন, তাদের কার্যক্রম মিডিয়ায় প্রচার হচ্ছে না। আমি অনুরোধ করবো, আপনারা সবার নির্বাচনী কার্যক্রম সমানভাবে প্রচার করুন।”

মেয়রদের বক্তব্য শেষ হওয়ার পরপরই আনিসুল, তাবিথ ও মাহী কক্ষ থেকে বেরিয়ে যান, যদিও তখনো কাউন্সিলর প্রার্থী এবং প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য বাকি।

এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা প্রধান নির্বাচন কমিশনারের সামনেই ওই তিন মেয়র প্রার্থীকে ঘিরে ধরেন।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরও আনিসুল হকের সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। কক্ষটি প্রায় ফাঁকা হয়ে যায়।

এ সময় কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে বলতে শোনা যায়, “মাননীয় নির্বাচন কমিশনার দেখুন, আপনার সামনেই কী অবস্থা সৃষ্টি হয়েছে।”

এ সময় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম মাইক্রোফোনে বলতে থাকেন, “আপনারা যাবেন না, প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রাখবেন।”

তবে সে আহ্বানে সাড়া মেলেনি তিন মেয়র প্রার্থীর।

প্রার্থীদের বক্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, “অনেকে বলছেন, গণমাধ্যমে প্রচার পাচ্ছেন না, সকলের নাম যেন প্রচারিত হয় সেজন্য গণমাধ্যমকে অনুরোধ করব। সকলে যেন সমান সুযোগ পায় এটি নিশ্চিত করতে গণমাধ্যম যেন সহযোগিতা করে।”

কোনো প্রার্থীকে যাতে ‘অযথা’ হয়রানি করা না হয় সেদিকে নজর দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো বেআইনি ঘটনা যেন না ঘটে এটি আপনারা খেয়াল করবেন।”

২৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোটে ঢাকা উত্তরে মেয়র পদে ১৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

এ সিটিতে একজন মেয়র এবং ৩৬ কাউন্সিলর ও  ১২ সংরক্ষিত নারী কাউন্সিলর পেতে ভোট দেবেন  ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন ভোটার।

</div>  </p>