২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কবর জিয়ারতে খালেদা

কার্যালয় থেকে বাসায় ফেরার একদিন বাদে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

আড়াই মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুর পর কোকোর লাশ যখন বাংলাদেশে এসেছিল, তখন গুলশানের কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানিয়েছিলেন খালেদা। ছেলের চেহলামও তিনি করেন ওই কার্যালয়ে।

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি কার্যালয়ে আটকে পড়ার তিন মাস পর রোববার বেরিয়ে আদালত থেকে জামিন নিয়ে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।     

সোমবার বিকালে তিনি যান বনানীতে ছেলের কবর জিয়ারতে, তার সঙ্গে ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ কয়েকজন স্বজন ছিলেন। নেত্রীর যাওয়ার খবরে বিএনপির হাজারের বেশি নেতা-কর্মীও উপস্থিত হন কবরস্থানে।  

ছোট ছেলে কোকোর কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন খালেদা জিয়া। এরপর কবরের পাশে বসে প্রায় ১২ মিনিট কুরআন তিলওয়াত করেন তিনি। এরপর মোনাজাত করে কবরের সবুজ ঘাসের ওপর হাত বোলাতে বোলাতেও কাঁদেন খালেদা জিয়া।

পর তাকে ধরে উঠিয়ে গাড়িতে তোলেন ছোট ভাইয়ের স্ত্রী। কবরস্থান থেকে সরাসরি বাসায় চলে যান বিএনপি চেয়ারপারসন।   

কবরস্থানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, মীর মো. নাছির উদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, শাহজাহান মিলন, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, হাফেজ আব্দুল মালেক, শাহ নেসারুল হক, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, শামা ওবায়েদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

মুদ্রা পাচারের মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকা অবস্থায় গত ২৪ জানুয়ারি মারা যান কোকো। ঢাকায় আনার পর ২৭ জানুয়ারি বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কোকোর স্ত্রী-সন্তানরা ফিরে গেছেন মালয়েশিয়ায়।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও বিদেশে রয়েছেন। ২১ অগাস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন তিনি।

কাজী জাফরের সঙ্গে বৈঠক

বাসায় ফেরার পর রাতে ২০ দলীয় জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

এক ঘণ্টার এই বৈঠকের বিষয়ে কাজী জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকের সময়ে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারও উপস্থিত ছিলেন।

কোকোর কবর জিয়ারত শেষে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরে আসার পরপরই কাজী জাফরের গাড়ি ওই বাসায় ঢোকে।

গুলশানের বাসায় ফেরার পর কাজী জাফরই প্রথম রাজনীতিক যার সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজী জাফর মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে কাজী জাফরের মেয়ে থাকেন।

 

পুরনো খবর:

খালেদা জিয়ার ছেলে কোকোর মৃত্যু
ছেলের কফিনের সামনে অশ্রুসিক্ত খালেদা
কার্যালয়ে খালেদার দিনের পর দিন