কোকোর কবর জিয়ারতে যাচ্ছেন খালেদা
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বিকালে বনানীতে যাবেন খালেদা জিয়া।
তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি চেয়ারপারসন সোমবার বিকাল ৫টায় বনানী কবরস্থানে যাবেন। দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে থাকবেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফনের সময়ও খালেদা জিয়া তার গুলশানের কার্যালয় থেকে বের হননি।
দাফনের আগে কোকোর মরদেহ ঘণ্টাখানেকের জন্য গুলশানের ওই কার্যালয়ে নেওয়া হলে সেখানেই ছেলেকে শেষ বিদায় জানান খালেদা জিয়া, যিনি গত ৩ জানুয়ারি থেকে নিয়ে ওই অফিসে অবস্থান নিয়ে ছিলেন। এই সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
তিন মাস পর রোববার আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান খালেদা। সেখান থেকে আর অফিসে না গিয়ে সরাসরি তিনি গুলশানের বাসায় ফেরেন।
ছেলের মৃত্যুর পর খালেদা কবর জিয়ারত করতে না যাওয়ায় তার সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন কোকো। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১৭ জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি। হৃদরোগে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবার নিয়ে মালয়েশিয়ায় ছিলেন।
