পেট্রোল বোমার ধ্বংসচিত্র দেখলেন মার্কিন কংগ্রেসম্যান
বাংলাদেশে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে ছোড়া পেট্রোল বোমা মেরে এবং আগুন দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যার চিত্র যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের দেখালেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।
বুধবার ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি এড রয়েসের সঙ্গে দেখা করে তাকে বেশ কয়েকটি ছবি দেখায় ওয়াশিংটন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
নাশকতার চিত্র দেখে এড রয়েস বিমর্ষ হয়ে পড়েন বলে প্রতিনিধি দলের প্রধান ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশে রাজনীতির নামে বিএনপি-জামায়াতের লোকজন যা করছে, তা নিয়ে ক্ষুব্ধ ক্যাপিটল হিল। রাজনীতির নামে এ ধরনের হত্যাযজ্ঞ এবং ধ্বংযজ্ঞ চলতে পারে না বলে কংগ্রেসম্যান সকলকে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন।”
প্রতিনিধি দলে আরও ছিলেন ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকী, সহসভাপতি সাদেক খান, যুগ্ম সম্পাদক হারুন-অর রশীদ ও স্থানীয় নেতা সিদ্দিকুর রহমান।
বৈঠকে আওয়ামী লীগ নেতারা রয়েসের সই জাল করে বিএনপির বিবৃতি প্রকাশের কথাও তুলে ধরেন।
“কংগ্রেসম্যান এড রয়েস প্রচণ্ড ক্ষোভের সাথে বলেছেন, এমন আচরণের শিকার আর যাতে হতে না হয়।”
শাহজাহান বলেন, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির আলোকে শিগগিরই কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেবেন বলে জানিয়েছেন এড রয়েস।
আওয়ামী লীগের প্রতিনিধি দল কংগ্রেস সদস্যকে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অপতৎপরতা চালানো হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের মদদে।
