২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আব্দুল আউয়াল মিন্টুর বাড়িতে আগুন

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ফেনীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

বুধবার মধ্যরাতে দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে মিন্টুর গ্রামের বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায় বলে তার স্বজনরা জানিয়েছেন।

আউয়াল মিন্টুর চাচা হাবিব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা প্রথমে ১০/১২টি ককটেল ফাটায়, তারপর তারা কয়েক রাউন্ড গুলি করে। পরে তারা টিনশেডের একটি ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভায়। তবে তার আগেই আগুনে ঘরটির অর্ধেক পুড়ে যায়।

আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।

তবে এই নাশকতার কোনো খবর পাননি বলে জানান দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো খবর পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুর বিরুদ্ধে ঢাকায় অবরোধে নাশকতার মামলা হয়েছে। নাশকতার বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

এদিকে রাত ৯টার দিকে দাগনভূঞা পৌরসভার কার্যালয়ে হাতবোমা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় পৌরসভার একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পৌরসভা ভবন চত্বরে কয়েকটি হাতবোমা ফাটায়। নিচতলার জানালার কাচ ভাংচুরের সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা।

দুর্বৃত্তদের ছররা গুলিতে পৌরসভার রোলারচালক ফজুলল হক লাতু গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে দাগনভূইঞা পৌরসভার মেয়র ওমর ফারুকের সঙ্গে কথা বলতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বলেন, পৌরসভায় ভাংচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পৌরসভার ময়লার গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানান তিনি। তবে কারও গুলিবিদ্ধ হওয়ার খবর শোনেননি বলে জানান তিনি।

বুধবার রাতে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিঁয়াজবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তের ছোড়া হাতবোমায় ট্রাকচালকের সহকারী ইউনুস আলী আহত হয়েছেন। তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের কাজির বাগ এলাকায় একটি পিকআপভ্যানে পেট্রোল বোমা ছোড়া হলে আগুন লেগে ৫ হাজার মুরগির বাচ্চা মারা যায়।