আওয়ামী লীগের জনসভা পেছালো
বিশ্ব ইজতেমার কারণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস শনিবারের জনসভা দুদিন পিছিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা অনুষ্ঠিত হবে ।
বৃহস্পতিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে এ দিনকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
এ বছরও দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে ছিল শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা; যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু।
কিন্তু শুক্র, শনি ও রোববার ঢাকার উপকণ্ঠ টঙ্গিতে দেশি-বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে শেখ হাসিনার জরুরি বৈঠক শেষে হানিফ সাংবাদিকদের বলেন, সারা দেশের ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ইজতেমায় অংশ নিতে আসছেন। আমাদের দলের নেতাকর্মীরাও ইজতেমায় অংশ নেবেন।
বিশ্ব ইজতেমার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং সবাই যেন ধর্মীয় ভাবগামর্ভীর্যপূর্ণ পরিবেশে ইজতেমায় অংশ নিতে পারেন সেজন্যই কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
এসময় বিএনপিকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে হানিফ বলেন, “বিএনপিকেও ইজতেমার প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম আমরা। কিন্তু অবরোধের নামে ধ্বংসত্মাক কর্মকাণ্ড করছে বিএনপি।
“যারা ইসলামের দোহাই দিয়ে কথা বলে এবং ইসলামের ধারক ও বাহক বলে নিজেদেরকে প্রচার করে তারা ইজতেমার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করেনি।”
এসময় আবারও বিএনপিকে অবরোধ প্রত্যাহারের জন্য সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান হানিফ।
