’৯০ এর মতো এক হওয়ার ডাক আমানের
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করে তাদের হটানোর লক্ষ্যে বর্তমান ছাত্র নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের একটি উদ্যোগ নিয়েছেন ’৯০ এর একদল ছাত্রনেতা, যারা এখন বিএনপিতে রয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এরশাদবিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও ডাকসুর তৎকালীন ভিপি এবং বর্তমানে বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান।
ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ১৮ ডিসেম্বর এই ছাত্র কনভেনশন হবে বলে ‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আমানের সঙ্গে ছিলেন তৎকালীন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ছাত্র ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ডাকসুর তৎকালীন জিএস খায়রুল কবির খোকন, এজিএস নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের তখনকার নেতা আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, গণতান্ত্রিক ছাত্রলীগের নেতা সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপা ছাত্রলীগের নেতা খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান প্রমুখ।
আমান বলেন, “দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। মানবতা ও মানবাধিকার এখন দলিত-মলিত। তৎকালীন সামরিক স্বৈরাচারের চাইতেও নিকৃষ্ট ফ্যাসিবাদী এক শাসন অক্টোপাসের মতোই গোটা জাতিকে গ্রাস করেছে। এটা আর চলতে দেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না।
“এই কারণে আমরা আর বসে থাকতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি- তৎকালীন ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে তৎকালীন ও বর্তমান সময়ের ছাত্র নেতৃবৃন্দের সমন্বয়ে ঢাকায় একটি ছাত্র কনভেনশন করব। ঠিক যেমনটি আমরা করেছিলাম ১৯৯০ সালের ১ অক্টোবর। যার ফলশ্রুতিতে সামরিক স্বৈরাচার এরশাদের পতনের পথ উন্মুক্ত হয়েছিল।”
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগেই সাবেক ছাত্রনেতারা এই উদ্যোগ নিলেন, একই লক্ষ্য বলে জানালেন এরাও।
দিনব্যাপী ওই কনভেনশনে খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তখনকার সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদের তৎকালীন নির্বাচিত প্রতিনিধিরা এই কর্মসূচিতে থাকবেন বলেও জানানো হয়েছে।
সরকারবিরোধী চলমান আন্দোলনে শামিল অন্য ছাত্র সংগঠনের নেতাদের এই কনভেশনের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমান জানান।
বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র ঐক্যের সংগঠনগুলো থাকবে।”
ছাত্রশিবির নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যে ছিল না।
৫ জানুয়ারির নির্বাচনের নামে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে’ দাবি করে আমান বলেন, “এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। সেজন্য আমরা শপথ নিতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দ্রুততম সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব।”
সংবাদ সম্মেলনে ছাত্রদলের ’৯০ পরবর্তী নেতাদের মধ্যে ছিলেন হাবিব উন নবী খান সোহেল, মুনির হোসেন, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, শাম্মী আখতার, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম, শহিদুল ইসলাম বাবুল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব।
ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানও সংবাদ সম্মেলনে ছিলেন।
