২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও অত দুর্বল হইনি: খালেদা

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এবার রাজপথের সংগ্রামে তিনিও থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 11:50 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

রোববার নিজের গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে এই জালেম সরকারকে বিদায় করতে হবে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

“আমিও রাজপথে থাকব। আমি এখনও অত দুর্বল হয়ে যাইনি।”

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির দায়িত্ব নেওয়া খালেদা তিন বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ৬৯ বছর বয়সে এখন নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন দাবির আন্দোলনে রয়েছেন।

৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে ‘ব্যর্থতার’ বিষয়ে তিনি বলেন, “গত বছরের ২৯ ডিসেম্বরের কর্মসূচির মাধ্যমে জনগণ সরকারে ভাগ্য ফয়সালা করে ফেলেছিল। সারাদেশ তারা অচল করে দিয়েছিল।

“কেবল ঢাকায় সরকার তার পুলিশ-র‌্যাব দিয়ে ঘেরাও করে রেখেছিল। আমাকে আমার বাসায় তিন দিন বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিল।”

রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনভিত্তি প্রতিষ্ঠা খালেদার মাধ্যমেই হয় বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে এদের অনেকে বলেন, দলীয় কর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা এখন দুই সন্তানের কারণে ন্যুব্জ।

খালেদা জিয়ার ছোট ছেলে মুদ্রাপাচার মামলায় কারাদণ্ডের সাজা এড়িয়ে বিদেশে রয়েছেন, বড় ছেলে তারেক রহমান বিভিন্ন মামলা নিয়ে রয়েছেন যুক্তরাজ্যে। তবে তাদের বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় বলে বিএনপির দাবি।

জরুরি অবস্থার পর গঠিত যে সরকারের সময় কারাগারে গিয়েছিলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তার চেয়ে ‘নিকৃষ্ট’ বলে মন্তব্য করেন খালেদা। 

“দেশে একদলীয় নয়, এক ব্যক্তির শাসন চলছে। সে (শেখ হাসিনা) যা বলবে, তা-ই এখন আইন।”

ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’ আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্যে এ থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে রাজপথে নামার আহ্বানও জানান তিনি।

বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্দলীয় সরকার কিংবা আগাম নির্বাচন দুই দাবির একটিতেও সাড়া দিচ্ছে না।

“এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে- এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবেও না,” বলেন বিএনপি নেত্রী।

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না মন্তব্য করে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন তিনি।

“সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আমি স্পষ্টভাষায় বলতে চাই, আগামীতে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”

‘ভালো কর্মকর্তারা ওএসডি’

একদল সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথিত বৈঠক নিয়ে আলোচনার মধ্যে খালেদা জিয়া প্রশাসনে দলীয়করণের অভিযোগও করেন আওয়ামী লীগের বিরুদ্ধে।   

“এখন প্রশাসনের ৪৮০ জন কর্মকর্তা ওএসডি হয়ে আছেন। তাদের বড় অপরাধ বিএনপির শাসনামলে তারা পদোন্নতি পেয়েছেন। আমার সময়ের পিএস ও এসপিএসকে পদোন্নতি দেওয়া হয়নি। তারা ওএসডি হয়ে আছেন।”

“এটা হচ্ছে এই সরকারের নীতি। অথচ হাসিনার সময়ের পিএস আমার শাসনামলে পদোন্নতি পেয়েছিলেন। আমরা কখনও কর্মকর্তাদের দলীয়করণ করিনি। এখন আওয়ামী লীগ না করলে সরকারি চাকরিতে নিয়োগ হয় না।”

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার পাশাপাশি জনশক্তি রপ্তানি, কৃষি, শিক্ষা খাতে তাদের নীতিরও সমালোচনাও করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

২০১১ সালে গঠিত ‘ব্লু ব্যান্ড কল’র প্রশংসা করে সারাদেশে তাদের কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর পরামর্শ দেন তিনি। আগামীতে ক্ষমতায় গেলে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়ে তরুণ-তরুণীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

‘ব্লু ব্যান্ড কল’র সভাপতি মো. ফয়েজ চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের ‍উপদেষ্টা ওসমান ফারুক, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ‘ব্লু ব্যান্ড কল’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাজীব বক্তব্য রাখেন।