ওদের হাতে পশু পাখিও নিরাপদ নয়: হাছান
বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে সংঘটিত নাশকতার কয়েকটি ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, তাদের হাতে মানুষের পাশাপাশি বনের পশুপাখিও নিরাপদ নয়।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ‘শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্ক’ এ ক্যাবল কার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, “তাদের হাতে শুধু মানুষ না, পশু-পাখি ও গাছপালাও নিরাপদ নয়। তারা আন্দোলনের নামে শুধু গাছপালা কেটেছে তা নয়, পেট্রোল বোমা ছুড়ে গরুও পুড়িয়ে মেরেছে।
“এখন তারা যখন আবার আন্দোলনের হুঙ্কার দিচ্ছে তখন মানুষতো বটে, পশুপাখিও ভীত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
“২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার সময় দেশে বনভূমির পরিমাণ ছিল ১০ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক দুই শতাংশ।”
২০০৯ সাল পর্যন্ত প্রতিবছর সারাদেশে চার কোটি চারা রোপন করা হলেও বর্তমানে প্রতিবছর ১২ কোটি চারা লাগানো হয় বলে জানান সাবেক বনমন্ত্রী হাছান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকব, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইকোপার্ক উদ্বোধন করেন।
২১০ হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠা ‘শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্ক’এ বিভিন্ন ধরনের ২৬ প্রজাতির পাখি আছে।
এখন একটি হলেও পর্যায়ক্রমে পার্কে ১২টি ক্যাবল কারের ব্যবস্থা করা হবে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
দুই দশমিক চার কিলোমিটার এলাকাজুড়ে ক্যাবল কারটি চলাচল করে।
