২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাকশালী কবরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন জিয়া’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ‘বাকশালী কবরস্থানের’ ওপর ‘বহুদলীয় গণতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিলেন বলে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা কটূক্তি করছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:20 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “জিয়াকে এতো ভয় ও জ্বালার কারণ আওয়ামী লীগ যা পারেনি, জিয়া তা পেরেছিলন। স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তাদেরই, তারা দিতে পারেনি। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

“গণতন্ত্রকে কুক্ষিগত করে একদলীয় বাকশাল যখন কায়েম করা হয়, তখন ৭ নভেম্বর এদেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব করেছিল। জিয়াই বন্দিদশা থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে ওই বাকশালী কবরস্থানের ওপর গণতন্ত্রের বাগান তৈরি করেছিলেন। সেজন্য মৃত্যুর ৩৭ বছর পরও ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা কেবল জিয়ার বিরুদ্ধে কথা বলেন।”

সংবিধানের চতুর্থ সংশোধনের পর ১৯৭৫ সালের জানুয়ারিতে সব দল নিষিদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেন।

ওই বছরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পটপরিবর্তনে বাকশালের বিলোপ ঘটে।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাবের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।

আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, “৭ নভেম্বর জিয়াউর রহমানই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ওই সময়ে চারটি পত্রিকা ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। জিয়া সংবাদপত্রে ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।”

জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “নাসিম সাহেব বলেছেন, জিয়া নাকি ক্ষমতায় বসার পর সৈনিকদের হত্যা করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যাচার। ১৫ অগাস্টের ঘটনাবলীর পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত যেসব ঘটনা ঘটেছিল, তখন আওয়ামী লীগের নেতারাই ক্ষমতায় ছিলেন। তাদেরই মন্ত্রিসভা ছিল।

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, জিয়া সৈনিকদের মধ্যে এমনই জনপ্রিয় ছিলেন বলেই তারাই তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ৭ নভেম্বরের পর জিয়াই দেশের সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন বলেই তখন কোনো সৈনিক হত্যা হয়নি।”

জিয়ার বীরোত্তম খেতাব কেড়ে নেওয়া উচিত বলে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন নজরুল ইসলাম খান।

“মুক্তিযুদ্ধেরে উপাধি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বললেই কেড়ে নেওয়া যায় না। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেই্ এই উপাধি অর্জন করেছিল,” বলেন তিনি।

সংগঠনের সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব  এজেডএম জাহিদ হোসেন, আবদুল মান্নান মিয়া বক্তব্য দেন।