১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সমাবেশ করবে জামায়াত জোট

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদেও কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় এ জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 01:22 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীসহ সারাদেশে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোট।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদেও কর্মসূচি দিয়েছে এ জোট।

জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারিতে হওয়া গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসা জোটটি বুধবার সকালের ভাগে দেশজুড়ে মিছিল ও সমাবেশ করবে। 

পরদিন বৃহস্পতিবার দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে জোটের শীর্ষনেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়, যা রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচি ও জোটের কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা।

সভার সিদ্ধান্তের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় গণমিছিল করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল সাড়ে ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এই কর্মসূচি থেকে পরবর্তী নতুন কর্মসূচি জানানো হবে।

বৈঠকে অংশ নেওয়া তিনজন নেতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী দিনগুলোয় চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা বিভাগীয় অঞ্চলে সড়কপথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে জোট। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করারও পরিকল্পনা রয়েছে তাদের। 

এসব কর্মসূচির কিছু বুধবারের সমাবেশ থেকে ঘোষণা হতে পারে, বলে জানান দুইজন জোটের নেতা।

অপরদিকে নিত্যপণ্যসহ গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি হবে রাজধানীতে বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে। 

এদিনের বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন।