২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার সুযোগ আর নেই: আ. লীগ

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচন নিয়ে এখন আর সেই আলোচনার সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:57 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

আ. লীগকে গণতন্ত্রের পথে আসার ডাক ফখরুলের

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সমাবেশে তাদের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেও বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিলেন।           

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “যারা আমার মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের সঙ্গে কিসের সংলাপ?

“নির্বাচনের আগে তাদের (বিএনপি) নেত্রীকে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন। অথচ উল্টো তাকেই অপমান করা হয়েছে, তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।”

তিনি বলেন, “বাংলার মানুষের সঙ্গে আর কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদী আচরণ করলে খবর আছে…খবর আছে…খবর আছে।

“যারা আমার মানুষকে মেরেছে, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।”

দশম সংসদ নির্বাচনের আগে দুই প্রধান নেত্রীকে সংলাপে বসাতে বিভিন্নমুখী উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়।

এরপর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি ভোট বর্জন করে। অন্যদিকে ভোট করে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ।

বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে সংলাপ চেয়ে এলেও ক্ষমতাসীন দলের নেতারা তাতে কর্ণপাত করছেন না বলে ঈদের পর আন্দোলনের হুমকিও দিয়েছেন খালেদা জিয়া।

শেখ সেলিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কেউ নাশকতার চেষ্টা করলে বিষদাঁত ভেঙে দিতে হবে। সামনে অনেক কাজ…বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে হবে। নিজেরা কোনো ভেদাভেদে জড়াবেন না।”

সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “২০১৯ সালের আগে এদেশে আর কোনো জাতীয় নির্বাচন হবে না।”

জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় দাবি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

“আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে ’৭৫ সালে জাতির জনককে হত্যার মধ্য দিয়ে। সব উপেক্ষা করে আওয়ামী লীগ এগিয়ে গেছে, আওয়ামী লীগ এগিয়ে যাবেই।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শপথ নিয়ে বলতে চাই, জননেত্রীর সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকব। ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

সমাবেশে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

সমাবেশে নগরীর বিভিন্ন স্থান থেকে ব্যানার, দলের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেন। বিভিন্ন নেতার নামে বড় ব্যানারও ছিল। এর মধ্যে সমাবেশস্থলের উল্টো দিকে সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বিশাল বিলবোর্ড সবার নজরে পড়ে।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেষ হয়। এই সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সমাবেশ চলার সময় মঞ্চ থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদকে মাইকে নির্দেশ দিতে শোনা যায়, “এখানকার সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিন।”

তিনি সমাবেশস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশেও বলেন, “আমাদের প্রোগ্রাম হবে। শাহবাগ আর মৎস্য ভবন থেকে কোনো গাড়ি এই এলাকায় প্রবেশ করতে দেবেন না।”