সাভারে স্থানীয় আ.লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার সাভারে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী রহিম বাদশা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে সাভারের নগর কোন্ডা এলাকা থেকে এনায়েত উল্লাহকে(৪৫) গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এনায়েত বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাভার পৌর কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক।
শনিবার রাতে বনগাঁও ইউনিয়নের নগর কোন্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রহিম বাদশা(৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত বেনাত উল্লাহকে (৪২) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী জেসমিন বেগম একটি হত্যা মামলা করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
গুলিবিদ্ধ বেনাতের দেয়া তথ্য অনুযায়ী এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
“মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে,” বলেন ওসি।
