খালেদার সঙ্গে লেবার পার্টির নেতাদের বৈঠক
১৯ দলীয় জোটের অন্যতম শরিক দল লেবার পার্টির শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি প্রধানের সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে ইরান সাংবাদিকদের বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রামের কর্মকৌশলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ নিয়ে বিএনপি ও ১৯ দলীয় জোটের সঙ্গে আলোচনার পর জোট নেত্রী কর্মসূচি ঘোষণা করবেন।”
বৈঠকে লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সহ-সভাপতি এমদাদুল হক চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, আলাউদ্দিন আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান, যুগ্ম মহাসচিব রামকৃষ্ণ সাহান, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, সিলেট সভাপতি মাহবুবুর রহমান খালেক, কমিল্লা নগর সভাপতি মহসিন ভুইয়াসহ ১৫ নেতা ছিলেন।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।
