২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সংস্কার নিয়ে এনসিপির সমন্বয় কমিটি

রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার কাজ সমন্বয় করবে এ কমিটি।

সংস্কার নিয়ে এনসিপির সমন্বয় কমিটি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিতে পাঁচ সদস্যের 'সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি' গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার কাজ সমন্বয় করবে এ কমিটি।

বুধবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে। বাকি চার সদস্য হলেন- মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন সংস্কার চূড়ান্ত করার কাজ শুরু করেছে।

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে কমিশন।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত চাওয়া হয়। এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।