নিরাপত্তা নিয়ে ইসি মশকরা করছে: বিএনপি
রোববার অনুষ্ঠেয় চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন মশকরা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ জানানোর পরও ইসি ‘নির্লিপ্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা ক্ষমতাসীন দলের নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ফ্যাক্সের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানোর পরও কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। বরং কমিশনের কর্মকর্তারা এই অভিযোগ নিয়ে ‘হাসিঠাট্টা’ করছেন।
“তারা বলেছেন, নির্বাচন হলে কিছুটা সহিংসতা হবেই। আমরা মনে করি, ভোটারদের নিরাপত্তা নিয়ে কমিশনের এহেন মশকরা গোটা জাতিকে বিস্মিত করেছে।”
কমিশনকে বর্তমান সরকারের ‘ঝাঁকের কৈ’ বলেও আখ্যায়িত করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “নিজেদের স্বাধীন সাংবিধানিক সত্ত্বাকে বিসর্জন দিয়ে বর্তমান কমিশন নির্বাহী বিভাগের হুকুমের একান্ত অনুগত ভৃত্যে পরিণত হয়েছে। আমরা কমিশনের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।”
রোববার চতুর্থ ধাপে দেশের ৯১টি উপজেলায় ভোটগ্রহণ হবে। নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
রোববারের উপজেলা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে রিজভী বলেন, “নতুন নতুন মামলা দিয়ে বিরোধী দলসমর্থিত নেতাকর্মীদের এলাকা ছাড়া করা হচ্ছে, চলছে ব্যাপক ধরপাকড়। সরকারসমর্থিতরা সর্বত্র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে।”
ভোটের ফলে বিএনপির চেয়ে এগিয়ে থাকতেই সরকার এ ধরনের কর্মকাণ্ড করছে বলে অভিযোগ রিজভীর।
“এজন্য খালি ব্যালট পেপারে দরকার সিল মারা অথবা জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করা। সেজন্য তারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।”
এই বিএনপি নেতা অভিযোগ করেন, আগামী পর্বের নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা, মুন্সিগঞ্জের গজারিয়া, যশোরের সদর ও কেশবপুর, খুলনার ফুলতলা, তেরখাদা ও রূপসা এবং কুষ্টিয়া সদর উপজেলায় ক্ষমতাসীন দল ও স্থানীয় প্রশাসন মিলে বিরোধী দলসমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে।
তাদের বাড়ি বাড়ি তল্লাসির নামে হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার অভিযান চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ তার।
এরপরও নির্বাচন কমিশনের ‘নির্লিপ্ততার সমুচিত জবাব’ দেয়া হবে বলে হুমকি দেন রিজভী।
‘নির্দলীয় নির্বাচন হতে পারে না’ বলে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সামম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
জয়কে ‘আওয়ামী লীগের নতুন প্রদীপ’ বলে কটাক্ষ করে রিজভী বলেন, ‘মিথ্যাচার ও বেসাতি করা দল’ আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করে তিনি ‘অনর্গল বানোয়াট ও উদ্ভট’ কথা বলছেন।
“দিনে দুপুরে এতোবড় বিভ্রান্তি কি করে হলো, আমরা জানি না। আমরা মনে করি, জনাব জয় যদি তার মাকে জিজ্ঞাসা করতেন তাহলে তার ভ্রান্তি দূর হতো।
“শুধু নির্দলীয় সরকার নয়, কীভাবে ভয়ঙ্কর রক্তাক্ত সহিংসতা চালিয়ে জনগণকে জিম্মি করে নির্দলীয় সরকার আদায় করতে হয়, তা পৃথিবীর আর কেউ না জানুক, জয়ের মা ভাল করে জানেন।”
সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
