জনগণের রায় দেয়া শুরু হয়েছে: মোশাররফ
উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের নেতাদের বিজয়ী করার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের অনাস্থার প্রকাশ ঘটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অস্বাভাবিক ও অনির্বাচিত’ আখ্যা দিয়ে শনিবার এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের দেড় মাসের মধ্যে গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের প্রথম পর্বের ভোটে ৯৭টির মধ্যে ৫৬টিতে চেয়ারম্যান পদে জয়ী হন ১৯ দল সমর্থিত প্রার্থীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “প্রহসনের নির্বাচনে একটি অনির্বাচিত ও অবৈধ সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে। উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের বিরুদ্ধে জবাব দিতে শুরু করেছে।”
উপজেলা নির্বাচনের আগামী পর্বগুলোতেও সরকারের বিরুদ্ধে জনগণের অনাস্থার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
“বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বলে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এবার উপজেলা নির্বাচনে আমাদের সমর্থকরা অংশ নিচ্ছে বলেই প্রথম দফা নির্বাচনে ৬২ ভাগের বেশি ভোটার ভোট দিয়েছেন।”
হাসানুল হক ইনুর সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “তথ্যমন্ত্রী ইনু বড় বড় কথা বলেন। অথচ উনার উপজেলায় জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
“নির্বাচনের পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল, কেন এমন হল? জবাবে তিনি বলেছেন, তা নিয়ে গবেষণার প্রয়োজন আছে।”
“সারাদেশে উপজেলা নির্বাচনে বিজয়ের কারণ গবেষণা করলে সরকার বুঝতে পারবে, জনগণ তাদের চায় না।”
জাতীয় প্রেসক্লাবে ‘অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আলোচনা সভায় মোশাররফ সরকারের দমননীতির সমালোচনা করেন।
“একুশের চেতনা ছিলো গণতান্ত্রিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত। গুম ও হত্যার মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন।”
একইসঙ্গে ভিনদেশীয় সংস্কৃতির আগ্রাসন চলছে দাবি করে তার বিরুদ্ধে সোচ্চার হতে জাসাস নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি আল মাহমুদ, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, সহসভাপতি ছড়াকার আবু সালেহ, রফিকুল ইসলাম রফিক, রাহিঝা খানম ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ভুঁইয়া শিশির, সিরাজুল ইসলাম প্রমুখ।
