২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বৃহস্পতিবার বিএনপির হরতাল

নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

পুলিশের বিরুদ্ধে সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদকে বিচারর্হিভূতভাবে হত্যা অভিযোগ এনে এই হরতাল ডাকে তারা।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো. শাহজাহান বলেন, “তৌহিদুলকে আটকের পর কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ।

“বিচারবর্হিভূত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় শান্তিপূর্ণ হরতাল আহ্বান করা হয়েছে।”

সোনাউমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, নিহত তৌহিদুল ইসলাম(৪২) থানার তিন নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি ও অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সাতটি মামলা রয়েছে।

ঘটনার পর পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যাব-৩ তাকে আটকের পর পল্টন থানায় সোপর্দ করে।

সেখান থেকে ২৯ জানুয়ারি সোনাইমুড়ি থানা পুলিশ তাকে নোয়াখালী নিয়ে আসে।

এরপর ভোর ৪টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাও গ্রামে তৌহিদের বাড়ি থেকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের পর থানায় আসার সময় মেড়িপাড়া গ্রামে তৌহিদের সহযোগীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ তৌহিদকে চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, সে সময় জরুরি বিভাগের চিকিৎসক হাসান ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, কিছু লোক হাসপাতলের স্ট্রেচারের ওপর তৌহিদের লাশ রেখে চলে যায়।

ফেনীতে বৃহস্পতিবার বিএনপির হরতাল