দুই মামলায় ৪ বিএনপি নেতার জামিন বহাল
দুই মামলায় চার বিএনপি নেতার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। এর ফলে বিএনপি নেতাদের দেয়া হাই কোর্টের জামিন বহাল থাকল।
এই চার বিএনপি নেতা হলেন- মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।
ফাইল ছবি
সোহরাওয়ার্দী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির চার নেতার জামিনের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আদালত হাই কোর্টের আদেশকে বহাল রেখেছেন।”
বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর ওই চার নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২১ জানুয়ারি বিচারপতি নিজামুল হক ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই দুই মামলায় তাদের জামিন দেয়। তাদের বিরুদ্ধে আরো তিনটি করে মামলা রয়েছে, যার দুটিতে সবাই হাই কোর্ট থেকে গত ২৬ জানুয়ারি জামিন পেয়েছেন।
গত বছরের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের ‘তাণ্ডবের’ পর মতিঝিল থানায় ওই দুটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনার উস্কানির অভিযোগে বিএনপির এই নেতাদের গত ২৬ ও ২৯ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
হেফাজতকে উস্কানির অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
ব্যারিস্টার মওদুদের সহযোগী আইনজীবী ব্যারিস্টার মো. এহসানুর রহমান বলেন, শেষ এই মামলায় শিমুল বিশ্বাস ইতোমধ্যে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। বাকিরা ওই মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন।
