আরো একবার সমাবেশ পেছাল বিএনপি
দ্বিতীয় দফায় একদিন পিছিয়ে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দলের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “রোববার দুপুরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে। এতে অনেকে অংশ নেবেন। এ কারণে রোববারের ঘোষিত ১৯ দলীয় জোটের মহানগর আয়োজিত সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশটি সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।”
শনিবার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তা একদিন পিছিয়ে রোববার করার সিদ্ধান্ত হয়।
এবার টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণ দেখিয়ে সমাবেশটি আরো একদিন পেছানো হলো।
ফাইল ছবি
এদিকে শনিবার রাত পর্যন্ত মহানগর পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পাওয়া যায়নি বলে আব্দুল লতিফ জনি জানিয়েছেন।
ঢাকায় সমাবেশ পেছালেও শনিবার সারা দেশে বিক্ষোভ করে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা।
গত ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দেন তিনি।
এর আগে গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দশম সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
